বাড়ি ভাড়া মেটাতে না পেরে স্ত্রী ও নাবালিকা কন্যাকে বাড়িওয়ালার হাতে তুলে দিল স্বামী, গ্রেফতার ২

May 16, 2026
Reading...
বাড়ি ভাড়া মেটাতে না পেরে স্ত্রী ও নাবালিকা কন্যাকে বাড়িওয়ালার হাতে তুলে দিল স্বামী, গ্রেফতার ২
গুজরাতের মোরবি (Morbi Gujarat) এলাকায় একটি হাড়হিম করা অপরাধের ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, বাড়ি ভাড়া মেটাতে অসমর্থ হওয়ায় এক ব্যক্তি নিজের স্ত্রী এবং নাবালিকা কন্যাকে বাড়িওয়ালার লালসার শিকার হতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, চরম আর্থিক সংকটের সুযোগ নিয়ে অভিযুক্ত বাবা এবং বাড়ির মালিক মিলে এই পৈশাচিক চুক্তিটি করেছিল। এরপর ওই মা ও মেয়ের ওপর লাগাতার যৌন নির্যাতন চালানো হত বলে জানা গিয়ে গিয়েছে। এই খবর জানাজানি হতেই গতকাল এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন পুলিশ মূল অভিযুক্ত বাবা ও বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইন (POCSO Act) সহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারটির আসল বাড়ি গুজরাতের সুরেন্দ্রনগরে (Surendranagar)। রোজগারের সন্ধানে প্রায় ছয় মাস আগে তারা মোরবিতে এসে একটি বাড়ি ভাড়া নেন। সেখানে মাসিক ২ হাজার টাকা ভাড়া দিতে হত। তবে আর্থিক সংকটের কারণে টানা চার মাস ভাড়া বকেয়া পড়ে যায়। অভিযোগ, বকেয়া ভাড়ার বিনিময়ে বাড়িওয়ালার সঙ্গে এক পৈশাচিক চুক্তিতে রাজি হন ওই ভাড়াটে। সেই চুক্তি অনুযায়ী, বাড়িওয়ালাকে তার স্ত্রী ও নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতনের সুযোগ দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নির্যাতিত মহিলার মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মোরবি থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরেই পকসো আইন সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) জে এম লাল জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে নাবালিকা মেয়েটির বাবা ও বাড়িওয়ালা পরিকল্পিতভাবেই এই অপরাধে জড়িত ছিলেন। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় আরও এক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাকে খুঁজতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।