উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্থগিত করা হলো Kedarnath Yatra। জানুন IMD-র আবহাওয়া..

প্রশাসনিক সূত্রে পরিষ্কার জানানো হয়েছে, প্রকৃতির এই ভয়ংকর রূপ স্বাভাবিক হলে এবং পারিপার্শ্বিক অবস্থার বদল ঘটলেই আবার পুণ্যার্থীদের কেদারনাথের পথে যাওয়ার অনুমতি দেওয়া হবে। পাহাড়ি এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে গাড়োয়ালের পুলিশ কমিশনার আনন্দ স্বরূপ জানিয়েছেন যে, এই সময়ে কেদারনাথ যাওয়ার রাস্তাটি কোনোভাবেই নিরাপদ নয়। আর সেই কারণেই তড়িঘড়ি করে এই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হঠাৎ করে যাত্রা স্থগিত হওয়ার কারণে সমস্যায় পড়া তীর্থযাত্রীদের সুরক্ষায় অবশ্য বিকল্প পদক্ষেপ করেছে প্রশাসন। তাঁদের শ্রীনগর সহ একাধিক নির্দিষ্ট সরকারি বিরামস্থল ও সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলিতে রাখার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে ভারতীয় মৌসম ভবন (IMD) উত্তরাখণ্ডের আবহাওয়া নিয়ে ইতিমধ্যেই একটি অরেঞ্জ অ্যালার্ট (Orange Alert) জারি করেছে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মোতাবেক:
উত্তরাখণ্ডের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, চামোলি, পিথোরাগড় এবং বাগেশ্বরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত উচুঁ পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টির সঙ্গেই প্রবল তুষারপাতের আশঙ্কাও করা হয়েছে। উচ্চ পার্বত্য এলাকায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার এই আশঙ্কা থেকেই মূলত কেদারনাথ যাত্রা বন্ধ করার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়।
শীতকালীন ভারী তুষারপাতের দরুন প্রতি বছরই কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়ে থাকে। সেই সময়কালে কেদারনাথের মূল মূর্তিটি সরিয়ে নিয়ে আসা হয় উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দিরে। প্রতি বছর মহাশিবরাত্রির পবিত্র দিনে ওমকারেশ্বর মন্দিরেই বিশেষ পূজাপাঠের মাধ্যমে স্থির করা হয় যে, আগামী মরসুমে ঠিক কোন তারিখে কেদারনাথের দরজা উন্মুক্ত করা হবে।
চলতি মরসুমে গত ২২ এপ্রিল ধর্মীয় আচার মেনে মহাসমারোহে খুলে দেওয়া হয়েছিল কেদারনাথ মন্দিরের দ্বার। তবে মাস পার হতে না হতেই প্রকৃতির খামখেয়ালিপনার জেরে আপাতত সেখানে পুণ্যার্থীদের যাতায়াতে নিষেধাজ্ঞা বলবৎ করা হলো। নতুন করে ঠিক কবে থেকে আবার কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করা সম্ভব হবে, তা এখন পুরোপুরি আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে।
Advertisement