High Court
আইনজীবী মমতার হাই কোর্টে সওয়াল! অশান্তি মামলা নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে কী জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
May 14, 2026
Reading...
খবর বঙ্গ ডেস্ক: নির্বাচনের আগে তাকে দেখা গিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। তবে এবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকেই হাইকোর্ট চত্বরে পৌঁছাতে দেখা যায় তাকে। এদিন সকাল ১১টা বাজার কিছু সময় আগে হঠাৎ করেই হাইকোর্ট চত্বরে উপস্থিত হন তৃণমূলনেত্রী। আইনজীবীদের ন্যায় কালো কোট ও শামলা পরিহিত অবস্থায় তাকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার হাই কোর্টে ভোট-পরবর্তী অশান্তি (Post Poll Violence in West Bengal) সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানেই আইনজীবী হিসেবে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী মমতা বলেন, “কলকাতা হাই কোর্টে আজ আমি প্রথম বার সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়েছিল এবং তার পর থেকে নিয়মিত সদস্যপদ রিনিউ করেছি।” রাজ্যের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, “ভোটের পর শিশু, নারী এমনকি সংখ্যালঘু কাউকেই রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। প্রতিদিন এমন অসংখ্য অভিযোগ আসছে। ঘরবাড়ি লুটপাট থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। কিন্তু পুলিশ কোনো সদর্থক পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই সমস্ত অভিযোগ অতিরিক্ত হলফনামার মাধ্যমে জমা দিতে চাই। দয়া করে পশ্চিমবঙ্গকে বাঁচান, এটি কোনো বুলডোজ়ার রাজ্য নয়।”
অন্য দিকে, রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পালটা সওয়াল করে জানান যে, এই অভিযোগগুলির কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি এজলাসে বলেন, “ঠিক কোথায় কী ঘটেছে সেই সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। রাজ্যের পুলিশ যথেষ্ট সতর্ক ও সক্রিয় রয়েছে। যে ২০০০ অভিযোগের কথা বলা হচ্ছে, তার সঠিক তথ্যপ্রমাণ নেই।” তিনি আরও মনে করিয়ে দেন যে, ২০২১ সালের ভোট পরবর্তী অশান্তির জন্য বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছিল। তাই আদালত আগে খতিয়ে দেখুক এটি আদৌ নির্বাচন পরবর্তী অশান্তি কি না।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলারই শুনানি ছিল।
প্রসঙ্গত, ২০২৬ সালের এই বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। ২৯৪টি আসনের মধ্যে ফলতায় নির্বাচন স্থগিত থাকায় ২৯৩টি আসনে ভোট গণনা হয়েছে। যার মধ্যে কংগ্রেস ২টি, সিপিএম ১টি, আইএসএফ ১টি এবং এজেইউপি ২টি আসনে জয়ী হয়েছে।
হাইকোর্ট চত্বরে মমতার উপস্থিতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে জানানো হয়েছে, সত্য ও ন্যায়বিচারের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই সাহসী ভূমিকা পালন করেন এবং বাংলার মানুষের পাশে থাকেন।
সম্পর্কিত খবর
