মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দুর, বায়ো বদলালেন মমতা

May 09, 2026
Reading...
Suvendu Adhikari CM of West Bengal, Mamata Banerjee Social Media Profile Update
বঙ্গ রাজনীতিতে এক অভাবনীয় পালাবদলের সাক্ষী থাকল শনিবাসরীয় তিলোত্তমা। শনিবার রাজভবনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঠিক এই আবহেই নিজের দীর্ঘদিনের ডিজিটাল পরিচয় বদলে ফেললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানেও এক বড় চমক রেখেছেন তিনি।

শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই শুভেন্দু অধিকারীর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তাঁর নামের পাশে এখন জ্বলজ্বল করছে ‘Chief Minister of West Bengal’ পরিচয়টি। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাধিক্য নিয়ে জয়ের পর এদিন থেকেই প্রশাসনিকভাবে রাজ্যের ব্যাটন নিজের হাতে নিলেন তিনি।

অন্যদিকে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে টানাপোড়েন চলছিল। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে বিজেপি জয়লাভ করলেও, তৃণমূল নেত্রী ভোট লুটের অভিযোগ তুলে ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন। এমনকি নিজের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হওয়ার পরেও তিনি অবস্থান অনড় ছিলেন।

জানা যায়, এদিন শনিবার সকাল পর্যন্ত তাঁর প্রোফাইলে লেখা ছিল ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী’। তবে শুভেন্দুর শপথগ্রহণের দিন বেলা গড়াতেই সেই পরিচয় বদলে ফেলেন তিনি। সূত্রের খবর, তিনি নিজেকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ হিসেবে পরিচয় না দিয়ে অত্যন্ত কৌশলে পরিচয়টি পরিমার্জন করেছেন, যা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।