স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ড, রাজনৈতিক ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ

May 15, 2026
Reading...
Swapna Barman House Fire, Rajganj TMC Candidate, West Bengal Election 2026, Jalpaiguri News, Swapna Barman News Today, West Bengal Politics, অগ্নিকাণ্ড, স্বপ্না বর্মন।
জলপাইগুড়ি: ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন শুক্রবার রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটে বলে খবর। সূত্রের খবর, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সামাজিক মাধ্যমে স্বপ্না বর্মন (Swapna Barman)।

জানা গিয়েছে, জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়ায় স্বপ্না বর্মনের দুটি বাড়ি রয়েছে। একটি বাড়িতে তিনি সপরিবারে বসবাস করলেও অন্য বাড়িটি ফাঁকাই পড়ে থাকত। এদিন রাত প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ ওই জনশূন্য পুরনো বাড়িটিতে আচমকাই আগুন লেগে যায়। গতকাল রাতেই নিজের ফেসবুক হ্যান্ডেলে এই অগ্নিকাণ্ডের কথা জানান স্বপ্না, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। মুষলধারে বৃষ্টি হওয়ায় আগুন বাড়ির বাইরের অংশে ছড়িয়ে পড়তে পারেনি। দমকল সূত্রে খবর, ঘরের ভেতরে থাকা একাংশে আগুন লেগেছিল যা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি মৌমিন চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, যে বাড়িটিতে আগুন লেগেছিল সেখানে কেউ থাকতেন না। ঘরের ভেতরে থাকা কিছু জ্বালানি কাঠ ও নথিপত্রে আগুন লেগেছিল। 

তবে এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ স্বপ্না বর্মন। তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন। জানা গিয়েছে, এই ঘটনায় শনিবার তিনি স্থানীয় থানায় এফআইআর (FIR) দায়ের করবেন। ঠিক কী কারণে এবং কীভাবে এই অগ্নিকাণ্ড সংঘটিত হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।