Politics
দলবিরোধী মন্তব্যের অভিযোগে ৬ বছরের জন্য সাসপেন্ড ৩ মুখপাত্র
May 09, 2026
Reading...
২০২৬ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। ভোটের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার দলের অন্দরে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জানা গিয়েছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের তিন পরিচিত মুখ তথা মুখপাত্রকে আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড (Suspend) করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সাসপেন্ড হওয়া তিন নেতা হলেন কোহিনুর মজুমদার, ঋজু দত্ত এবং কার্তিক ঘোষ।
নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই তৃণমূলের অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব এবং নেতৃত্বের রণকৌশল নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে জনসমক্ষে মুখ খোলার (Anti-Party Comments) অভিযোগে গত শুক্রবার ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে শোকজ নোটিশ পাঠিয়েছিল দল। সূত্রের খবর, কোহিনুর, ঋজু এবং কার্তিক সেই নোটিশের জবাব দিলেও, শৃঙ্খলারক্ষা কমিটির কাছে তাঁদের উত্তর সন্তোষজনক বলে মনে হয়নি। কমিটির পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, তাঁদের করা মন্তব্য দলের ঐক্য ও স্বার্থের পরিপন্থী, তাই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিন শৃঙ্খলারক্ষা কমিটির এই কঠোর সিদ্ধান্তের পর সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কোহিনুর মজুমদার। দলের শীর্ষ নেতৃত্বের একাংশকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘কৌরবদের মতো কেউ কেউ দলকে শেষ করে দিচ্ছেন।’ তাঁর আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত তিন বছর ধরে তাঁকে পরিকল্পিতভাবে কোণঠাসা করার চেষ্টা চালানো হয়েছে। তিনি বিদ্রুপের সুরে দাবি করেন, ৬ বছর পর যখন তাঁর নিলম্বন তোলার সময় আসবে, তখন বর্তমান নেতৃত্বের অনেকেই আর দলে থাকবেন না।
উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হতে পেরেছে, অন্যদিকে বিজেপি দখল করেছে ২০৭টি আসন। এই ভরাডুবির পর থেকেই দলের একাধিক নেতা ও মুখপাত্র সরাসরি শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তবে পাপিয়া ঘোষ এবং কৃষ্ণেন্দু চৌধুরীর শোকজের জবাবে দল ঠিক কী অবস্থান নিয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি। রাজনৈতিক মহলের মতে, তিন মুখপাত্রকে বহিষ্কার করে তৃণমূল হাইকম্যান্ড এটাই স্পষ্ট করে দিল যে, পরাজয়ের আবহে দলের অন্দরে কোনও প্রকার বিশৃঙ্খলা বা শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না।
সম্পর্কিত খবর
