মধ্যমগ্রামে আপ্তসহায়ক খুনের তদন্তে CBI, গঠন করা হলো ৭ সদস্যের সিট

May 12, 2026
Reading...
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড, সিবিআই তদন্ত, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুন, পশ্চিমবঙ্গের খবর, Central Bureau of Investigation News. Chandranath Rath Murder Case, CBI Investigation, Suvendu Adhikari PA Murder, West Bengal CM Suvendu Adhikari, Madhyamgram Murder Case, CBI SIT Team.
খবর বঙ্গ:  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের (Chandranath Rath Murder Case) তদন্তে বড় মোড়। এই চাঞ্চল্যকর মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে আজ নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, রাজ্য পুলিশের সুপারিশ মেনেই কেন্দ্রীয় সংস্থা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্রের খবর, কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করা হয়েছে। ৭ জনের এই শক্তিশালী প্রতিনিধি দলে থাকছেন দুজন পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। সোমবার মধ্যরাতেই এই বিশেষ দল গঠনের নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

গত ৬ মে রাতে মধ্যমগ্রাম এলাকায় চন্দ্রনাথ রথের গাড়ি আটকে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এই ঘটনায় গুরুতর আহত হন তাঁর গাড়িচালকও। ঘটনার গুরুত্ব বিচার করে শুরু থেকেই তদন্তে নামে রাজ্য পুলিশের বিশেষ দল। এদিন জানা যায়, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন পেশাদার শুটারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং।

পুলিশি জেরায় জানা গিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজায় ডিজিটাল পেমেন্ট বা ফাস্ট্যাগ ট্র্যাকিং করেই মূলত অপরাধীদের নাগাল পায় পুলিশ। উল্লেখ্য, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আদালতের নজরদারিতে সিবিআই (CBI Investigation) তদন্তের দাবি জানানো হয়েছিল।

সিবিআই সূত্রের খবর, রাজ্য পুলিশ প্রযুক্তির সাহায্যে যে ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিল, সেগুলিকে ভিত্তি করেই তদন্তের পরবর্তী ধাপ এগোবে। এই হাই-প্রোফাইল খুনের নেপথ্যে বড় কোনও রাজনৈতিক ষড়যন্ত্র বা সুপরিকল্পিত ছক রয়েছে কি না, তা খুঁজে বের করাই এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রধান লক্ষ্য। আজ থেকেই সিবিআই আধিকারিকরা এই মামলার পূর্ণাঙ্গ তদন্তে সক্রিয় হচ্ছেন বলে জানা গিয়েছে।