Agnimitra Paul
সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, ১ জুন থেকে বড় ঘোষণা সরকারের
May 18, 2026
Reading...

পশ্চিমবঙ্গের নতুন সরকারের তরফে এবার মহিলাদের সুরক্ষায় ও স্বাবলম্বী করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গেল আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সোমবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। তবে দূরপাল্লার সরকারি বাসেও কি মহিলারা এই সুবিধা পাবেন? এই নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যে কোনও দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। বিজেপির সংকল্পপত্রেও এই বিষয়ের উল্লেখ ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠনের পর, গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। শপথ নিয়েই তিনি স্পষ্ট করে দেন, সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করবে এই নতুন সরকার।
সূত্রের খবর, সরকার গঠনের পর এদিন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি ঘোষণা করেন, ১ জুন থেকে পশ্চিমবঙ্গের মহিলারা রাজ্যের যে কোনও সরকারি বাসে নিখরচায় সফর করতে পারবেন। কলকাতা থেকে দিঘা কিংবা শিলিগুড়ির মতো দূরপাল্লার সরকারি বাসেও এই নিয়ম প্রযোজ্য হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কৌতূহল ছিল, তাও দূর করেন মন্ত্রী। তিনি বলেন, “দূরপাল্লার সরকারি যেকোনও বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।”
প্রসঙ্গত, কলকাতা থেকে দিঘা পর্যন্ত সরকারি নন-এসি বাসের ভাড়া সাধারণত দেড়শো থেকে দুশো টাকার আশপাশে হয়ে থাকে। অন্যদিকে, এসি বাসের ভাড়া সাড়ে চারশো থেকে ৯০০ টাকার মধ্যে থাকে। যদিও কলকাতা থেকে দার্জিলিং সরাসরি কোনও সরকারি বাস পরিষেবা নেই, যাত্রীদের প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি এবং তারপর শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে হয়। বর্তমানে নন-এসি বাসে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছাতে খরচ পড়ে সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি এবং এসি বাসে এই খরচ প্রায় দেড় হাজার টাকার মতো হয়। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত রুটের মহিলা যাত্রীরাই ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর