মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তায় এবার কেন্দ্র ও রাজ্য দুই বাহিনীই
সূত্রের খবর, এবার থেকে কোনো একটি নির্দিষ্ট বাহিনী নয়, বরং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী—এই দুইয়ের সমন্বয়ে গঠিত এক শক্তিশালী নিরাপত্তা বলয়ে থাকবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০২০ সালে তৃণমূল ত্যাগ করার পর থেকেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা পেয়ে আসছিলেন। বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর ওপর একাধিকবার হামলার চেষ্টার অভিযোগ ওঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তা আরও জোরদার করেছিল। তবে গত শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রোটোকল অনুযায়ী রাজ্য পুলিশের তাঁর নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে।
জানা গিয়েছে, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় যে ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে, তা দিল্লি ও নবান্ন উভয় পক্ষকেই চিন্তায় ফেলেছে। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনই শুভেন্দুর পুরনো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রত্যাহার করছে না। এদিন জানা যায়, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের একটি বিশেষ উইংও তাঁর সুরক্ষায় মোতায়েন থাকবে।
