অবৈধভাবে ভারতে প্রবেশ! রাজগঞ্জের ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে ২৬ জন বাংলাদেশি নাগরিক

Reading...
রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে আনা হলো ২৬ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে। দীর্ঘদিন ধরে রাজ্যে রিকশাচালক ও রংমিস্ত্রির কাজ করছিল....!
রাজ্যের নানা প্রান্তে দীর্ঘদিন যাবৎ কর্মরত ২৬ জন বাংলাদেশি নাগরিক অবশেষে প্রশাসনের জালে ধরা পড়ল। বৃহস্পতিবার তাদের রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে অবস্থিত হোল্ডিং সেন্টারে স্থানান্তরিত করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর এদের মধ্যে কেউ রংমিস্ত্রির কাজ করত, আবার কেউ রিকশা চালিয়ে দিনযাপন করত।

সাম্প্রতিক এক অভিযানে ওই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষের পর এদিন তাদের রাজগঞ্জের ওই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বর্তমানে পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ধৃতদের সমস্ত নথিপত্র, আসল পরিচয় এবং বেআইনিভাবে এ দেশে প্রবেশ করার গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনা জানাজানি হতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। একইসঙ্গে সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ আটকানোর বিষয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। আইন মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলি।
Advertisement