বেলাকোবা রেলগেটে দুর্ভোগের দিন শেষ হতে চলেছে? পিডব্লিউডি-র উদ্যোগে ওভারব্রিজ তৈরির প্রাথমিক কাজ শুরু!

Reading...
বেলাকোবা রেলগেটের যানজট সমস্যা মেটাতে PWD-র উদ্যোগে শুরু হলো বেলাকোবা উড়ালপুল নির্মাণের মাপজোকের কাজ।
এদিন দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বেলাকোবা উড়ালপুল (Belakoba Overbridge) তৈরির প্রাথমিক ধাপের কাজ শুরু করা হয়। পিডব্লিউডি (রোডস)-এর পক্ষ থেকে বুধবার রাস্তার পরিমাপ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, বেলাকোবা রেলগেট থেকে একদিকে বটতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং অন্যদিকে কলেজ মোড়ের দিকে আরও প্রায় এক কিলোমিটার এলাকা মাপা হয়। এই কর্মকাণ্ড চলার সময় বেলাকোবা পুলিশ ফাঁড়ির কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

এলাকার মানুষদের নিত্যদিনের অন্যতম বড় সমস্যা হলো রেলগেটের কারণে তৈরি হওয়া যানজট। স্থানীয় ব্যবসায়ী জগন্নাথ পাল এবং বিনোত ছাওছাড়িয়া জানান, এই ওভারব্রিজ বা উড়ালপুলের কাজ শেষ হলে আমজনতার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দ্রুত এই কাজ শুরুর দাবি তুলেছেন তাঁরা। ব্রিজটি তৈরির সময় ব্যবসা-বাণিজ্যে সাময়িক লোকসান হলেও, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন ওই ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, রেলগেট আটকে থাকার কারণে জরুরি পরিষেবায় থাকা অ্যাম্বুল্যান্সকেও অনেক সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। যার জেরে রোগীদের প্রবল দুর্ভোগ পোহাতে হয়। এর পাশাপাশি, রেলগেটের অন্য প্রান্তে অবস্থিত দুটি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদেরও রোজকার যাতায়াতে চরম ঝক্কি সামলাতে হয়।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উড়ালপুল প্রকল্পের রূপায়ণের জন্য বর্তমান রাস্তার দুই ধারে আরও প্রায় ৬০০ থেকে ৬৫০ মিটার পর্যন্ত জায়গা সম্প্রসারণ করার সম্ভাবনা রয়েছে।

এই প্রসঙ্গে চিফ ইঞ্জিনিয়ার অসীম বালা জানান যে, গত ১৭ জুন শিলিগুড়ির একটি সরকারি ভবনে পিডব্লিউডি এবং রেল আধিকারিকদের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই বৈঠকের সিদ্ধান্ত মেনেই বুধবার বেলাকোবা উড়ালপুল প্রকল্পের জন্য পরিমাপের কাজ শুরু করা হয়েছে।
Advertisement