১৭ জুন বুধবার সকালে কলকাতার বাগবাজার মায়ের ঘাটে সাফাই অভিযানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা গিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি 'স্বচ্ছতাকে স্বাগত' শীর্ষক একটি ৫ দিনের মেগা কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। এই মেগা অভিযানের অংশ হিসেবেই আজ বুধবার গঙ্গা সাফাইয়ের দিন ধার্য ছিল। সেই উদ্দেশ্যেই এদিন সকালে বাগবাজার ঘাটে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তাঁর পাশাপাশি এই বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বাগবাজার মায়ের ঘাটে পৌঁছে প্রথমেই সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি নিজে গোটা বিষয়টি তদারকি শুরু করেন এবং একপর্যায়ে মন্ত্রী তাপস রায়ের সঙ্গে মিলে ঝাঁটা হাতে ঘাট পরিষ্কারের কাজে হাত লাগান। জানা যায়, এই সাফাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয় একটি মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসছেন এবং কলকাতার রেড রোডের মূল অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে আগেই জানিয়েছিলেন। মূলতঃ প্রধানমন্ত্রীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন তিলোত্তমা উপহার দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায়, এই পাঁচ দিনের মেগা কর্মসূচিতে কলকাতার প্রতিটি গঙ্গার ঘাটের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় স্থান এবং সংলগ্ন বাজার এলাকাগুলোতেও পুরোদমে এই স্বচ্ছতা অভিযান চালানো হবে।
Advertisement