জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল দুধিয়ার অস্থায়ী সেতু! শিলিগুড়ি-মিরিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

June 19, 2026
Reading...
শিলিগুড়ির দুধিয়ায় বালাসন নদীর জলের তোড়ে ভেঙে পড়ল অস্থায়ী হিউম পাইপ সেতু। বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ব্যবস্থা।
বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকে পাহাড় এবং সমতল জুড়ে শুরু হওয়া ব্যাপক বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জনজীবন ফের বিপর্যস্ত। জানা গিয়েছে, সারারাত ধরে চলা প্রবল বর্ষণের ফলে মাঝরাতের দিকে শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ার বালাসন নদীতে জলস্তর ভয়ানকভাবে বৃদ্ধি পায়। জলের স্রোত এতটাই মারাত্মক রূপ নেয় যে, একপর্যায়ে তা দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ ব্রিজের ওপর দিয়ে বইতে থাকে। জলের এই প্রবল ধাক্কা সামলাতে না পেরে অবশেষে মাঝখান থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে সেতুটি (Dudhia Bridge Collapse)।

​এই ঘটনার ফলে দুধিয়া পথ ধরে শিলিগুড়ি এবং মিরিকের মধ্যকার সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এদিন এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা সহ আগত পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে বালাসনের জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় নদীর দুই তীরের বাসিন্দাদের মধ্যে তীব্র ভীতি দেখা দিয়েছে। তবে জলের পরিমাণ না কমা পর্যন্ত এই অস্থায়ী সেতু মেরামতির কাজে হাত দেওয়া সম্ভব নয় বলে জানা যায়। পরিস্থিতি অনুকূল হলেই যুদ্ধকালীন তৎপরতায় পুনরায় কাজ শুরু হবে।

​উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর রাতের ভয়াবহ জলোচ্ছ্বাসে বালাসন নদীর ওপর থাকা ১৯৬৫ সালের প্রাচীন লোহার সেতুটি নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর ৭ অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা ও ধস পরিস্থিতি পরিদর্শনে এসে যাতায়াত সচল করতে দ্রুত একটি অস্থায়ী হিউম পাইপ সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। সমগ্র প্রকল্পটি নতুন করে গড়ে তুলতে রাজ্য সরকার ৫৪ কোটি টাকা অনুমোদন করে। এরপর ১০ অক্টোবর থেকে কাজ শুরু করে মাত্র ১৬ দিনের রেকর্ড সময়ে ওই অস্থায়ী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে বর্ষার প্রথম দাপটেই সেই হিউম পাইপ সেতু ভেঙে পড়ায় এর পরিকাঠামোগত মান নিয়ে স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন।
Advertisement