শিলিগুড়ির মেয়রের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন গৌতম দেব। মেয়রের পদত্যাগের পর উত্তরবঙ্গে তৃণমূলের একমাত্র ভরসা শিলিগুড়ি পুরনিগমও কি হাতছাড়া হতে চলেছে?

এদিন (শুক্রবার) শিলিগুড়ির মেয়রের পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন গৌতম দেব (Goutam Deb)। এদিন সকালেই তিনি পুর কমিশনারের দপ্তরে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, গত বুধবার তৃণমূলের (Trinamool Congress) তরফে তাঁকে দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। জানা গিয়েছে, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাইছেন গৌতম দেব দলের সাংগঠনিক কাজে আরও বেশি করে নজর দিন। কিন্তু এর মাঝেই মেয়রের এই আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে (West Bengal Politics)।
জানা যায়, বৃহস্পতিবার পুরনিগমের মেয়র পারিষদদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন তিনি। সেখানে নিজের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলে মেয়র পারিষদদের মধ্যে স্পষ্ট মতবিরোধ তৈরি হয়। যেহেতু বর্তমান শিলিগুড়ি পুরবোর্ডের মেয়াদ শেষ হতে এখনও এক বছরের বেশি সময় বাকি রয়েছে, তাই অনেক মেয়র পারিষদই ইস্তফা দেওয়ার পক্ষে ছিলেন না। ফলস্বরূপ তাঁরা কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকে শুক্রবার পদত্যাগ করেন গৌতম দেব। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নতুন কাউকে মেয়রের আসনে বসিয়ে বোর্ড গঠনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর শিলিগুড়ি পুরবোর্ড হাতছাড়া হলে উত্তরবঙ্গ থেকে তৃণমূল প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে।
প্রসঙ্গত, ২০১১ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছিলেন গৌতম দেব। এরপর ২০১৬ সালে তিনি রাজ্যের পর্যটন মন্ত্রী হন। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে তাঁর পরাজয় ঘটে। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী হয়েও একই ফলাফলের মুখোমুখি হন তিনি। এরই মাঝে, ২০২২ সালের শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে তাঁর নেতৃত্বেই জয়লাভ করেছিল তৃণমূল। কিন্তু এবার সেই পুরবোর্ডও হাতছাড়া হওয়ার পথে।
Advertisement