রবিবার সকালে উল্লাডাবরিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪!

June 21, 2026
Reading...
ময়নাগুড়ির উল্লাডাবরিতে এনএইচ-২৭ (NH-27)-এ ভয়াবহ এনবিএসটিসি বাস দুর্ঘটনা (NBSTC Bus Accident)।
শিলিগুড়ি থেকে ফালাকাটাগামী একটি যাত্রীবোঝাই এনবিএসটিসি বাস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির (Mainaguri) উল্লাডাবরি সংলগ্ন এনএইচ-২৭ (NH-27) জোড়াবাঁধ এলাকায়। এদিন দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি। এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় (NBSTC Bus Accident) প্রাণ হারিয়েছেন ৪ জন এবং অন্তত ৫৩ জন যাত্রী আহত হওয়ার খবর জানা গিয়েছে।

খবর পাওয়ামাত্রই অ্যাম্বুল্যান্স, পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু করে। এরপর আহত যাত্রীদের চিকিৎসার উদ্দেশ্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ভয়াবহ ঘটনায় নিজের এক্স (X) হ্যান্ডেলে গভীর শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উদ্ধারকাজের দিকে নজর রাখতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। এছাড়া, আহত যাত্রীদের সঠিক চিকিৎসা সুনিশ্চিত করতে প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন তিনি।

নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত যাত্রীদের চিকিৎসার যাবতীয় ব্যয় রাজ্য সরকারের তরফ থেকেই বহন করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
Advertisement