গঙ্গার ঘাটে মর্মান্তিক বিপর্যয়! নৌকায় বজ্রপাতে লুটিয়ে পড়ে ৪ যাত্রীর মৃত্যু, আহত বহু

June 23, 2026
Reading...
মালদহের পারলালপুর ঘাটে মর্মান্তিক বজ্রপাত। ধুলিয়ান থেকে আসা যাত্রীবাহী নৌকায় বাজ পড়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু, গুরুতর আহত অন্তত ১৫ জন।
এদিন মঙ্গলবার বিকেলে এক মর্মান্তিক বজ্রপাতের (Lightning Strike) সাক্ষী থাকল মালদহ। গঙ্গার ঘাটে যাত্রীবাহী নৌকার ওপর আচমকা বাজ পড়ে প্রাণ হারালেন ৪ জন যাত্রী। এই ভয়াবহ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৫ জন।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে একটি নৌকা ধুলিয়ান থেকে মালদহের পারলালপুর ঘাটের (Parlalpur Ghat) দিকে আসছিল। ওই সময় নৌকাটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। গন্তব্যে পৌঁছনোর ঠিক মুখেই আবহাওয়া বদলে যায়। আচমকা আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। এর সঙ্গেই চলতে থাকে মুহুর্মুহু বজ্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে নামার মুহূর্তে হঠাৎই তীব্র আলোর ঝলকানি ও বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। চোখের পলকে ঘাটের মাটিতে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আহতদের আর্তচিৎকার এবং স্বজনদের কান্নায় গোটা ঘাট এলাকায় চরম শোক ও আতঙ্কের সৃষ্টি হয়।

​এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের নাম ও পরিচয় পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন মালদহের পার দাওনাপুরের বাসিন্দা আসাতুল্লাহ শেখ (৮০) এবং কচি শেখ (২৫)। এছাড়াও মৃত্যু হয়েছে মালদহের শোভাপুরের বাসিন্দা একরামুল শেখের (৮০) এবং পার দাওনাপুরের চৌধুরী পাড়ার বাসিন্দা আমসুর শেখের (৪৫)।

​দুর্ঘটনার পরপরই প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। কয়েকজনকে মালদহের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, বেশিরভাগ জখম যাত্রীকে শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের পর ধুলিয়ান থেকে পারলালপুর— দুই পারের এলাকাতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement