উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা। ১২ থেকে ১৪ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি...

বর্তমানে উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি জাঁকিয়ে বসেছে এবং সেখানে নিয়মিত বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, ১২ থেকে ১৪ জুন পর্যন্ত উত্তরবঙ্গের একটি বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতা জারি থাকবে। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর পাশাপাশি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হলুদ সতর্কতা বজায় থাকবে। আজ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সাথে সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে বর্ষা। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় আজ বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামীকাল শনিবার থেকে এখানকার পরিস্থিতি কিছুটা শান্ত হবে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাতেও আজ বজ্রবিদ্যুৎসহ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে এই জেলাগুলিতে আবহাওয়ার জটিলতা অনেকটাই কেটে যাবে বলে জানা গিয়েছে।
Advertisement