নিট পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে টেলিগ্রামের ওপর কড়া নিষেধাজ্ঞা কেন্দ্রের

June 16, 2026
Reading...
নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষায় (NEET UG 2026 Re-Exam) প্রশ্নফাঁসের গুজব ও সাইবার জালিয়াতি ঠেকাতে ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ টেলিগ্রাম!
আগামী ২১ জুন নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষার (NEET UG 2026 Re-Exam) দিন ধার্য করা হয়েছে। এদিন পরীক্ষার স্বচ্ছতা সুনিশ্চিত করতে এবং সাইবার জালিয়াতি (Cyber fraud) ও প্রশ্নপত্র ফাঁসের (Paper leaks) মতো মারাত্মক গুজব প্রতিহত করতে কড়া অবস্থান গ্রহণ করেছে কেন্দ্র। এই লক্ষ্যেই দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’-এর (Telegram Banned) পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারা প্রয়োগ করে এই পদক্ষেপ করা হয়েছে। ফলস্বরূপ, আগামী ২২ জুন পর্যন্ত সমগ্র ভারতে টেলিগ্রামের ব্যবহার নিয়ন্ত্রিত থাকবে। এর পাশাপাশি, আগামী ৩০ জুন পর্যন্ত অ্যাপটিতে থাকা কোনও বার্তা এডিট বা সম্পাদনা করার সুবিধাও পুরোপুরি নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এমন নজিরবিহীন পদক্ষেপের পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। এনটিএ-র পর্যবেক্ষণে ধরা পড়ে যে, বেশ কিছু টেলিগ্রাম চ্যানেলে প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো খবর রটানো হচ্ছিল। মূলত এই চক্রগুলি অ্যাপটির ‘মেসেজ এডিট’ অপশনটির অপব্যবহার করছিল। প্রতারকরা পরীক্ষা শেষ হওয়ার পর পুরোনো কোনও মেসেজ পরিবর্তন করে সেখানে আসল প্রশ্নপত্র জুড়ে দিত। পরবর্তীতে সেই জাল স্ক্রিনশটগুলি এমনভাবে প্রচার করা হত, যাতে মনে হয় পরীক্ষা শুরুর অনেক আগেই প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে! এনটিএ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, এই ধরণের দাবি সর্বৈব মিথ্যা এবং প্রতারণার অংশ। এহেন জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে হাজার থেকে লক্ষাধিক টাকা অবধি হাতিয়ে নেওয়ার ছক কষা হচ্ছিল।

এই ধরণের অপরাধ দমনে বর্তমানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি) এবং একাধিক রাজ্যের পুলিশ একযোগে মাঠে নেমেছে। ইতিমধ্যে বহু সন্দেহজনক গ্রুপ এবং চ্যানেলকে বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে টেলিগ্রাম ব্যবহার করে প্রায় দেড় কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে একটি আন্তঃরাজ্য প্রতারক চক্রকে পাকড়াও করেছে আহমেদাবাদ সাইবার ক্রাইম শাখা।

এনটিএ এদিন জানিয়েছে, এই নিষেধাজ্ঞা নিছকই সাময়িক এবং পরীক্ষা পদ্ধতিকে দুর্নীতিমুক্ত রাখতেই এই কড়াকড়ি। হাজার হাজার পরীক্ষার্থীদের উদ্দেশে তাদের পরামর্শ, কোনওরকম বিভ্রান্তিকর গুজবে পা না দিয়ে শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের আপডেটের ওপর নির্ভর করুন। পাশাপাশি, পরীক্ষার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পড়ুয়াদের অযথা আতঙ্কিত না হওয়ারও আশ্বাস দিয়েছে এনটিএ।
Advertisement