উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং-সহ ৫ শহর নিয়ে তৈরি হচ্ছে 'হিমালয়ান হিল সিটি'। ১ সেপ্টেম্বর থেকে প্লাস্টিক ও যত্রতত্র ময়লা ফেললে দিতে হবে জরিমানা!

এর পাশাপাশি, শহরগুলিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার উদ্দেশ্যে রাস্তায় যেখানে-সেখানে নোংরা-আবর্জনা ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Single-use plastic) ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১ লা সেপ্টেম্বর থেকে এই নিয়ম অমান্য করলে বা আইনভঙ্গ করলে নাগরিকদের জরিমানার মুখে পড়তে হবে।
এদিন উত্তরকন্যায় আধিকারিকদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক পরিচালনা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উক্ত বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি এবং নাগরিক পরিষেবা প্রদানের মতো বিষয়গুলি গুরুত্ব সহকারে আলোচিত হয়।
এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিধায়কবৃন্দ এবং শীর্ষ স্তরের প্রশাসনিক আধিকারিকরা। শিলিগুড়ি পুরনিগমসহ উত্তরবঙ্গের একাধিক পুরসভা এলাকার বর্ষাকালীন আগাম প্রস্তুতি, জলনিকাশি পরিকাঠামো, পানীয় জল সরবরাহ ব্যবস্থা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (Solid Waste Management) এবং সার্বিক নাগরিক পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয় এই সভায়।
মন্ত্রী আরও জানান যে, এই 'হিমালয়ান হিল সিটি' প্রকল্পের মূল লক্ষ্যই হলো পাহাড়ি অঞ্চলের শহরগুলির সামগ্রিক উন্নয়ন ঘটানো। এছাড়া এদিনের বৈঠকে রাস্তার পার্কিং ব্যবস্থার আধুনিকীকরণ, ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা সমাধান, নতুন ডিজিটাল বিজ্ঞাপন নীতি এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন মন্ত্রী। উত্তরকন্যার এই বৈঠক পর্ব শেষ করে আজ বিকেলেই দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আরও একটি পৃথক বৈঠকে যোগ দেবেন তিনি।
Advertisement