ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বেলাকোবা বটতলা থেকে ফেরার পথে পিকআপ ভ্যানে ধাক্কা...

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে একটি মোটরবাইক চালিয়ে বেলাকোবা বটতলা থেকে রাজ্য সড়ক পথে নিজের বাড়ি মহনীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তরুণ। তবে মিলন সংঘ ক্লাবের কাছাকাছি রাস্তার একটি বাঁক ঘোরার মুখে আচমকাই নিয়ন্ত্রণ হারায় তাঁর বাইকটি। এরপর সোজা গিয়ে রাস্তার ধারে দাঁড় করানো চা-পাতা বোঝাই একটি পিকআপ ভ্যানের পিছনে তীব্র গতিতে ধাক্কা মারে সেটি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন ওই বাইক আরোহী। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই বেলাকোবা ফাঁড়ির পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরবাইক এবং ওই পিকআপ ভ্যানটিকে আটক করেছে। ঠিক কী কারণে এবং কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তরুণের এমন মৃত্যুতে সমগ্র মহনী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement