অনুপ্রবেশ বিতর্কের মাঝেই শিলিগুড়িতে যৌথ তল্লাশি, রেল পুলিশের জালে ৮ ভিনদেশি নাগরিক

June 07, 2026
Reading...
রাজ্যজুড়ে অনুপ্রবেশ বিতর্কের আবহে শিলিগুড়ি জংশন থেকে আরপিএফ এবং জিআরপি যৌথ অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল।
রাজ্যজুড়ে চলা অনুপ্রবেশ সংক্রান্ত উত্তেজনার আবহে শিলিগুড়িতে (Siliguri) পাকড়াও করা হল ৮ বাংলাদেশি নাগরিককে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি জংশন এলাকায় আরপিএফ (RPF) এবং শিলিগুড়ি জিআরপি (GRP) যৌথভাবে এই বিশেষ অভিযানটি চালায়।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাধিকাপুর এক্সপ্রেসে চড়ে ওই আটজন শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা ভারতের বিভিন্ন এলাকায় কাজ সেরে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শিলিগুড়ি জংশনে ট্রেন থেকে নামার পর তারা হলদিবাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করার সময়ই যৌথ বাহিনীর হাতে ধরা পড়েন।

জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন দিনাজপুরের বাসিন্দা। ধৃতদের নাম যথাক্রমে—মোমিন, সৌরভ রায়, কামাল চন্দ্র রায় এবং অভিষেক রায়। অপর চারজন বাসিন্দা হলেন নীলফামারী এলাকার—গোবিন্দ রায়, সঞ্জিত রায়, টিটন চন্দ্র রায় এবং জয়ন্ত রায়।
আটক হওয়া ওই আটজনের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আগামীকাল তথা সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হবে। ধৃত ব্যক্তিরা কোন সীমান্ত ব্যবহার করে এবং কাদের সাহায্যে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন, পাশাপাশি এতদিন দেশের কোন কোন জায়গায় কর্মরত ছিলেন—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে নিরাপত্তা ব্যবস্থা যখন জোরদার করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement