সরস্বতীপুর চা বাগানে অবৈধ মদের বিশাল কারবার ফাঁস!

June 23, 2026
Reading...
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার গজলডোবা ফাঁড়ির সরস্বতীপুর চা বাগানে অবৈধ মদ কারবারের পর্দাফাঁস। আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ধ্বংস...
চোলাই বা অবৈধ মদের এক বিশাল কারবারের পর্দাফাঁস করল প্রশাসন। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভোরের আলো থানার গজলডোবা ফাঁড়ির সরস্বতীপুর চা বাগানে একটি বড়সড় যৌথ তল্লাশি চালায় বিশাল পুলিশ বাহিনী এবং আবগারি দপ্তর।

​এই মেগা অভিযানে বেআইনি মদ প্রস্তুত করার জন্য মজুত রাখা প্রচুর কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, ফারমেন্টেশন ইউনিট (গাঁজন ইউনিট), পাতন যন্ত্র সহ আনুষঙ্গিক একাধিক সরঞ্জাম উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলেই তা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া এবং ধ্বংসপ্রাপ্ত এই সমস্ত বেআইনি সামগ্রীর বাজারদর আনুমানিক ১০ লক্ষ টাকা।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বিষাক্ত মদ্যপানের প্রসার ঠেকাতেই শিলিগুড়ি পুলিশের এই তৎপরতা। অবৈধ মদের এই বেআইনি জালিকা সমূলে উৎপাটন করতে এটি তাদের ধারাবাহিক পদক্ষেপের একটি অঙ্গ। বেআইনি মদ যেমন সাধারণ মানুষের জীবনের পক্ষে চরম ঝুঁকিপূর্ণ, তেমনই এর সাথে প্রায়শই নানা ধরনের সমাজবিরোধী ও অপরাধমূলক কাজের গভীর যোগ থাকে। তাই এই ধরণের অসামাজিক কাজকর্ম রুখতে আগামী দিনেও পুলিশের তরফ থেকে কঠোর পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।
Advertisement