কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে দিনহাটা থানার পুলিশের জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

অভিযোগের তির মূলত পুরসভার তৎকালীন চেয়ারম্যান উদয়ন গুহর দিকে। হাউজিং ফর অল প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে দিনহাটার বাসিন্দাদের কাছ থেকে অতিরিক্ত ২০ হাজার টাকা আদায় করেছিল পুরসভা। এই দুর্নীতির মামলায় রবিবার থেকে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর পর থেকেই উদয়নের ওপর গ্রেপ্তারির আশঙ্কা দিন দিন ঘনাচ্ছিলো। দিনহাটা থানা সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিনহাটা থানার বিশেষ টিম কলকাতায় পৌঁছায়। এর পরেই ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন উদয়ন। হারের পর থেকেই তিনি এলাকা ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন এবং সেখানেই দিন কাটাচ্ছিলেন। এমনকি গত কয়েকদিনে তাঁকে প্রকাশ্যেও দেখা যায়নি। উল্লেখ্য, গত এক মাসে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। এই পরিস্থিতিতে কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, আবার কেউ চুপিসারেই সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে পড়েছেন। সামগ্রিকভাবে গত এক মাসে পুলিশের জালে ধরা পড়েছেন একাধিক দাপুটে নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলার।
Advertisement