স্বাস্থ্যসাথী অতীত, এবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বাংলার ৬ কোটি মানুষ; মেগা মউ স্বাক্ষর সোমবার!

June 08, 2026
Reading...
কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লিতে এনএইচএ-র সঙ্গে মউ স্বাক্ষর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও জেপি নড্ডা।
নয়াদিল্লি: রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এক বড় পদক্ষেপ নিল নতুন সরকার। আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটির (এনএইচএ) সঙ্গে এ বিষয়ে একটি মউ (Ayushman Bharat Scheme MOU) স্বাক্ষর হবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা।

২০১৮ সালে এই প্রকল্প চালু হলেও, দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ এর আওতাভুক্ত ছিল না। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার প্রথম বৈঠকেই এই প্রকল্পের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, এই পদক্ষেপ দেশের জনস্বাস্থ্য সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের ৬ কোটি মানুষ, যারা আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে ছিলেন, তাঁদের এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া যারা এতদিন এই সুবিধার বাইরে ছিলেন, তাঁরাও এখন থেকে নতুন করে আবেদনের সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, পূর্বতন সরকার কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সহযোগিতার পরিবর্তে কেবল রাজনৈতিক বিরোধিতা করায় রাজ্যের কোটি কোটি মানুষ এই আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত ছিলেন।

দেশের ৩৪তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য উপভোক্তা এবার থেকে জটিল চিকিৎসায় কেন্দ্রীয় বিমা প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। দিল্লির এই মউ স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, যা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement