ধস ও হড়পা বানের চরম আশঙ্কা! উত্তর ও দক্ষিণ বঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা!

June 22, 2026
Reading...
বঙ্গে বর্ষা আসতেই আবহাওয়ার বড় বিপর্যয়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির...
প্রতীকী ছবি
তীব্র গরম এবং হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে অবশেষে স্বস্তির আবহাওয়া রাজ্যে। বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের সঙ্গেই বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারে উত্তর ও দক্ষিণ—উভয় বঙ্গেই ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের মূল নজর রয়েছে উত্তরবঙ্গের দিকে। ডুয়ার্স ও পার্বত্য এলাকায় একটানা ভারী বর্ষণের জেরে সতর্কতা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের (North Bengal Weather Update) জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এই কারণে উক্ত দুই জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এর পাশাপাশি কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং-সহ উত্তরবঙ্গের মোট পাঁচটি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি রেখেছে আবহাওয়া দপ্তর।

টানা বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ক্রমশ ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদেরা পার্বত্য অঞ্চলে ধস নামার এবং নিচু এলাকায় হড়পা বানের (Flash Flood) আশঙ্কা প্রকাশ করেছেন। প্রবল ঝড়-বৃষ্টির দাপটে ইতিমধ্যেই ডুয়ার্সের কিছু অংশ এবং পাহাড়ি রাস্তায় গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিতে, কলকাতার আকাশ সোমবার সকাল থেকেই মেঘে ঢেকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিন তিলোত্তমার আকাশ প্রধানত মেঘলাই থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবার কলকাতার তাপমাত্রা অনেকটাই আরামদায়ক ও স্বস্তিদায়ক।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় ঝড়-বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টির স্থায়িত্ব বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে।
Advertisement