'আপনাদের কি কোনও লজ্জা নেই?' নিট ইস্যুতে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এক্স হ্যান্ডেলে সোচ্চার অরিজিৎ সিং!

July 21, 2026
Reading...
দিল্লিতে নিট দুর্নীতি (NEET Scam) ইস্যুতে 'ককরোচ জনতা পার্টি'-র মিছিলে পুলিশের লাঠিচার্জ। রক্তাক্ত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এক্স হ্যান্ডেলে তীব্র...
সাধারণত রাজনৈতিক তরজা থেকে নিজেকে সযত্নে দূরে রাখলেও নিজের স্পষ্ট মতামত জানাতে কখনওই পিছপা হন না তিনি। তবে এবার নিট দুর্নীতি (NEET Scam) ইস্যুতে দেশের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে জোরালো ভাষায় সোচ্চার হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। জানা গিয়েছে, এদিন নয়াদিল্লিতে 'ককরোচ জনতা পার্টি'-র ডাকা 'সংসদ অভিযান'-কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনাটি ঘটে সোমবার। আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে খাকি উর্দিধারীদের ব্যাপক সংঘর্ষ বাধে। মূলত বিক্ষোভ সামাল দিতে ও পড়ুয়াদের আটকাতে পুলিশ বাহিনী জলকামান, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জের মতো পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে গোটা রাজধানী এলাকা আক্ষরিক অর্থেই রণক্ষেত্রের চেহারা নেয়। দেশের আগামী প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুরক্ষিত করার এই প্রতিবাদে পড়ুয়াদের এহেন রক্তাক্ত দশা দেখেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এই সঙ্গীতশিল্পী।

বিগত বেশ কিছুদিন ধরেই রাজধানী শহরে চলা এই ছাত্র আন্দোলন (Student Protest) নিয়ে অনুরাগ কাশ্যপ, জিনাত আমান, শাবানা আজমি, অপর্ণা সেন সহ নবীন প্রজন্মের একঝাঁক বলিউড (Bollywood) তারকা মুখ খুলেছিলেন। সেই আবহেই এবার 'ককরোচ জনতা পার্টি'-র এই মিছিলে পড়ুয়াদের ওপর পুলিশের এমন নির্মম নির্যাতনের প্রমাণ দেখে নিজের এক্স (X) প্রোফাইলে একের পর এক কড়া পোস্ট করেন অরিজিৎ। খাকি উর্দির এমন ভূমিকা নিয়ে দিল্লি পুলিশকে (Delhi Police) কটাক্ষ করে তিনি লেখেন, "বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।"

তবে এখানেই তিনি থেমে থাকেননি। গায়কের স্পষ্ট প্রশ্ন, বর্তমানে শিক্ষার্থীদের গায়েও হাত তোলা হচ্ছে। দিল্লি পুলিশের বিন্দুমাত্র লজ্জা অবশিষ্ট আছে কিনা, সেই প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। এর পাশাপাশি নেতামন্ত্রীদের নিজেদের ঈশ্বর ভাবার প্রবণতা নিয়েও তোপ দেগে তিনি হুঁশিয়ারি দেন যে, এই সবকিছুই কিন্তু মনে রাখা হবে। শেষে "হর হর মহাদেব" ধ্বনি উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, "মনে রাখবেন, পরিবর্তনই কিন্তু একমাত্র ধ্রুবক।"

এমনিতে বরাবরই ভক্তদের নানা জীবনমুখী বার্তা দিয়ে থাকেন গায়ক। এদিনও তার অন্যথা হয়নি। 'ককরোচ'-দের পাশে দাঁড়িয়ে তাঁর এমন বিস্ফোরক মন্তব্যের পর সোশ্যাল মিডিয়াও রীতিমতো সরগরম হয়ে উঠেছে। তাঁর প্রতিবাদী সত্তার কথা কাছের মানুষ থেকে শুরু করে ভক্তকুলের বেশ ভালোই জানা রয়েছে। ফলে বর্তমান নিট ইস্যুতে গায়কের এমন সরব হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।



Advertisement