বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়ায় তুমুল চাঞ্চল্য!

July 30, 2026
Reading...
পুরসভার চেম্বারে ঢুকে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুড়লেন বাসিন্দারা। বাতিল বোর্ড মিটিং, তৃণমূল কাউন্সিলারদের অনাস্থা!
বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিং চলাকালীন নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। এদিন সরাসরি পুরসভার চেম্বারে প্রবেশ করে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়েন একদল বাসিন্দা। এই অনভিপ্রেত ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে ভেস্তে যায় নির্ধারিত বোর্ড মিটিং, পাশাপাশি তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় রাজনীতিতে।

​জানা গিয়েছে, ঠিক আগের দিনই বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন খোদ শাসকদলের বেশ কয়েকজন কাউন্সিলার। ইতিমধ্যেই ৯ জন কাউন্সিলারের সই সংবলিত একটি চিঠি মহকুমা শাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে। যদিও বিক্ষুব্ধ তৃণমূল শিবিরের দাবি, প্রকাশ্যে আসা সংখ্যার বাইরেও তাঁদের পক্ষে সমর্থন রয়েছে আরও অনেক কাউন্সিলারের।

​এহেন চরম টানাপোড়েন ও ঘোলাটে পরিস্থিতির মাঝেই এদিন ডাকা হয়েছিল পুরসভার ওই গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। আর সেই সভাতেই একপ্রকার ‘ডিম থেরাপি’র শিকার হতে হয় বর্তমান চেয়ারম্যানকে। সূত্রের খবর, এদিন যাঁরা সৈকত চট্টোপাধ্যায়ের দিকে ডিম ছুড়েছেন, তাঁদের পুরসভায় নিয়ে আসার নেপথ্যে সরাসরি মদত ছিল বিজেপি যুব মোর্চা এবং যুব কংগ্রেসের দুই নেতার, এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে।
Advertisement