এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রপোজ! নিউ ইয়র্কে যুগলের ভয়ংকর স্টান্টের ভিডিও ভাইরাল!

July 03, 2026
Reading...
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রপোজ! নিউ ইয়র্কে যুগলের ভয়ংকর স্টান্টের ভিডিও ভাইরাল!
নিউ ইয়র্কের ১৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের (Empire State Building) সর্বোচ্চ শিখরে কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই উঠে পড়েন এক যুগল। বুধবার এই ভয়ংকর অথচ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সেখানে দাঁড়িয়ে বিশ্বজুড়ে ভালোবাসা এবং শান্তির বার্তা দিতে একটি ব্যানার ওড়ান তারা। খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই রোমহর্ষক ঘটনার ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায়। পরবর্তীতে ওই যুগল নীচে নেমে আসলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, ধৃত ওই যুগলের নাম ইভান বিরকুস এবং অ্যাঞ্জেলা নিকোলাউ, যারা আদতে রাশিয়ার বাসিন্দা। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ (Skywalkers: A Love Story) নামক ডকুমেন্টারিতে তারা কাজ করেছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়, কালো পোশাকে সজ্জিত ওই যুগল কোনো সেফটি গিয়ার ছাড়াই সোজা বিল্ডিংয়ের চূড়ায় পৌঁছে যান। ভাইরাল হওয়া দৃশ্যে তাদের চুম্বনরত অবস্থায় দেখা যায়। শুধু তাই নয়, প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিতেও দেখা যায় যুবককে, যা দেখে স্পষ্টতই একটি বাগদান পর্ব বলে মনে হচ্ছিল। পরবর্তীতে অ্যাঞ্জেলার সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও ওই আংটি পরিহিত ছবি লক্ষ্য করা যায়।

এদিকে, ভিডিওটি নজরে আসতেই তৎপর হয় পুলিশ প্রশাসন। আকাশচুম্বী ওই ভবন থেকে নীচে নামা মাত্রই দুজনকে আটক করা হয়। বেআইনিভাবে ওই ভবনে প্রবেশ এবং এমন বিপজ্জনক কাজ করার অপরাধেই মূলত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে ১০২ তলা বিশিষ্ট ওই বিল্ডিংয়ের একদম উপরে তারা কীভাবে পৌঁছালো, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বিল্ডিং কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে, এমন কোনো কাজের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। তাছাড়াও প্রত্যেক পর্যটককে চেকিংয়ের পরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। এত কড়া নিরাপত্তার পরেও তারা কীভাবে নজরদারি এড়িয়ে চূড়ায় পৌঁছালো, সেই বিষয়ে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

অন্যদিকে এক পর্যটক জানিয়েছেন যে, ওই দুজনকে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে দেখেছিলেন তিনি। তবে পরনের পোশাক দেখে তার মনে হয়েছিল তারা হয়তো ওখানকারই কর্মী। ঘটনার সময় নীচে রাস্তায় থাকা অসংখ্য পথচারী রীতিমতো অবাক হয়ে উপরের দিকে তাকিয়ে ছিলেন, যেন মনে হচ্ছিল কোনো সিনেমার শ্যুটিং চলছে।
Advertisement