জম্মুতে কর্মরত জলপাইগুড়ির মহিলা বিএসএফ (BSF) কর্মী বিষ্ণুপ্রিয়া রায়ের অস্বাভাবিক মৃত্যু। কোয়ার্টার থেকে ঝুলন্ত দেহ ও সুইসাইড নোট উদ্ধার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০২৩ সালে বিষ্ণুপ্রিয়া বিএসএফ বাহিনীতে যোগদান করেছিলেন। তাঁর বর্তমান পোস্টিং ছিল জম্মু এলাকায়। চলতি বছরের মার্চ মাসেই শেষবারের জন্য ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন তিনি, এরপর ফের নিজের কর্মস্থলে ফিরে যান।
জানা গিয়েছে, সোমবার জম্মুতে নিজের কোয়ার্টারের ভেতর থেকেই বিষ্ণুপ্রিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। মৃতার পরিবারের দাবি, সোমবার সকালের দিকেও বিষ্ণুপ্রিয়ার সাথে তাঁদের একেবারে স্বাভাবিক কথা হয়। কিন্তু দুপুরবেলাতেই আচমকা এই মৃত্যুর দুঃসংবাদ এসে পৌঁছায়। অত্যন্ত মেধাবী, শান্ত এবং ভদ্র স্বভাবের এই তরুণীর এমন আকস্মিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজনরা। ঠিক কী কারণে এই চরম পরিণতি, তা নিয়ে এখনও গভীর ধোঁয়াশায় রয়েছে পরিবার। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। অকালে এই তরুণী বিএসএফ কর্মীর প্রাণহানিতে গোটা শালবাড়ি এলাকা গভীর শোকে আচ্ছন্ন।
Advertisement