২ ঘণ্টার অপেক্ষার পর নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ নেতাদের, সোনম ওয়াংচুকের মুক্তি ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি!

July 20, 2026
Reading...
নিট প্রশ্নফাঁস ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন জে পি নাড্ডা। সোনম ওয়াংচুকের অনশন...
দীর্ঘ ২ ঘণ্টার বেশি অপেক্ষার পর অবশেষে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। এদিন এক্স হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে সিজেপি-র (CJP) মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, নাড্ডার বাসভবনে তাঁর ও আশুতোষ রঙ্কার সঙ্গে মন্ত্রীর প্রায় দশ মিনিটের এই সাক্ষাৎ হয়। সেখানে নিজেদের সমস্ত দাবিদাওয়া সম্বলিত একটি চিঠি তাঁরা মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি, জে পি নাড্ডা তাঁদের সম্পূর্ণ আশ্বাস দিয়ে জানিয়েছেন যে দলের অভ্যন্তরীণ মহলে ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি পুরো বিষয়টি নিয়ে খুব শীঘ্রই আলোচনা করবেন।

ঠিক কী কী দাবি রেখেছে ককরোচ (Cockroach)? এই প্রসঙ্গে আশুতোষ রঙ্কা জানিয়েছেন, দলের উচ্চপদস্থ নেতৃত্বের সঙ্গে সমন্বয় ও আলোচনার জন্য নাড্ডাজি কিছুটা সময় চেয়েছেন। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ (Dharmendra Pradhan Resignation) এবং আত্মঘাতী হওয়া প্রত্যেক নিট পরীক্ষার্থীর (NEET Students) পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।

অন্যদিকে, সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সংসদ চত্বর থেকে ইতিমধ্যে সমস্ত বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এএনআইয়ের (ANI) শেয়ার করা একটি পোস্টে দেখা যাচ্ছে, ওই এলাকায় এখন কোনও আন্দোলনকারী নেই, সেখানে শুধুমাত্র পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের (NEET Paper Leak) ঘটনায় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেছিলেন ৫৯ বছর বয়সি সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ২১ দিনের মাথায় পুলিশ তাঁকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। সোমবার হাসপাতাল থেকেই তিনটি শর্তের কথা ঘোষণা করেছেন সোনম। তাঁর বক্তব্য, সরকার এই শর্তগুলির মধ্যে অন্তত একটি মেনে নিলে তবেই তিনি অনশন প্রত্যাহার করে নেবেন।
Advertisement