কুষ্টিয়ার ভেড়ামারায় গোখরা সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হলেন সোশ্যাল মিডিয়া খ্যাত সাপুড়ে ইমরান হোসেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল..

জানা গিয়েছে, আহত ইমরান ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্তান পাড়ার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের বেলা ওই এলাকার বাসিন্দা আমিরুল ইসলামের বাড়িতে সাপ ধরার উদ্দেশ্যে হাজির হয়েছিলেন ইমরান। সেখানে উঠোনের মাটি খুঁড়ে গর্ত থেকে একটি গোখরা সাপ বের করার পর সেটিকে বাগে আনার চেষ্টা করছিলেন তিনি। তবে সেই সময়েই অসাবধানতাবশত সাপটি তাঁর হাঁটুর ওপর কামড় বসায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত দুজন স্থানীয় যুবক তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের বিছানায় শুয়ে ইমরান হোসেন জানান, গত বৃহস্পতিবারই সাপের কামড়ে মৃত্যু হয়েছিল আমিরুল ইসলামের একমাত্র ছেলে সম্রাটের। সেই মর্মান্তিক ঘটনার পর শুক্রবার ফের বাড়িতে সাপের দেখা মেলায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। এরপরই তাঁরা ইমরানকে খবর দেন।
ইমরানের দাবি, তিনি প্রথমে ওই বাড়ির উঠোন থেকে ৩টি সাপের বাচ্চা উদ্ধার করেছিলেন। তারপর গর্তের ভেতর থেকে বড় একটি গোখরা টেনে বের করেন। কিন্তু সাপটিকে ধরার প্রায় দেড় মিনিটের মাথাতেই সামান্য ভুলের কারণে সেটি তাঁকে ছোবল মারে। যদিও চিকিৎসা পাওয়ার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
এদিকে, এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ইমরান হোসেনের একটি ভিজিটিং কার্ড দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, নিজেকে সাপুড়িয়া হিসেবে দাবি করে তিনি সাপ ধরা এবং বিষ নামানোর পাশাপাশি নানা ধরনের জটিল ও গোপন রোগের চিকিৎসা করার কথাও উল্লেখ করেছেন।
পুরো বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পরই ইমরানকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ও চিকিৎসা প্রদান করা হয়। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত। ইতিমধ্যেই তাঁকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি চিকিৎসক ইকবাল হাসান সাধারণ মানুষকে সতর্ক করে আরও বলেছেন, সাপে কাটার রোগীর সংখ্যা বাড়ছে। তাই কাউকে সাপে কামড়ালে কালক্ষেপণ না করে দ্রুত তাঁকে যেন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement