ধৃত পড়ুয়াদের ছাড়ার নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের, অপরাধের রেকর্ড থাকলে মিলবে না মুক্তি!

July 28, 2026
Reading...
নিট প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে আটক পড়ুয়াদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০ জুলাইয়ের হিংসার তদন্তে এসআইটি (SIT) গঠনের প্রস্তাব
নিট প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) বিরোধী আন্দোলনের সময় আটক হওয়া পড়ুয়াদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। তবে যাঁদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে, তাঁরা আপাতত এই ছাড় পাচ্ছেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এদিন এই গুরুতর বিষয়ের শুনানিতে ওই দিনের ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT) গঠনের কথাও জানিয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

জানা গিয়েছে, মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হয়। আদালতে কেন্দ্র ও দিল্লি সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, গত ২০ জুলাই 'সংসদ চলো' অভিযানে যে হিংসার ঘটনা ঘটেছিল, তার তদন্তে সুপ্রিম কোর্ট কোনো কমিটি গঠন করতে চাইলে তাতে সরকারের পূর্ণ সম্মতি রয়েছে।

নিরপেক্ষ তদন্তের দাবিতে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত ওই দিনের হিংসার সার্বিক তদন্তে সিট (SIT) গঠনের কথা জানিয়েছে। আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রোটোকল লঙ্ঘন হয়ে থাকলে আইন তার নিজস্ব পথেই চলবে। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন কড়া বার্তা দিয়ে জানান, পড়ুয়াদের আন্দোলন দমনের নামে যাঁরা অতিরিক্ত বলপ্রয়োগ করে নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি, ওই দিন ২৫০ জন পুলিশকর্মীর উপর যে হামলার ঘটনা ঘটেছিল, তারও তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছে সুপ্রিম কোর্ট। হামলাকারীরা পড়ুয়া নাকি অন্য কোনো দুষ্কৃতী, তা তদন্ত করে দেখা হবে বলে জানা যায়। এই বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, সাধারণ পড়ুয়ারা পুলিশকর্মীদের বিরুদ্ধে হিংসাকে প্রশ্রয় দিতে পারেন না, এই ঘটনার পেছনে দুষ্কৃতীদের যোগ রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, খুন, ধর্ষণ এবং মাদক সংক্রান্ত এনডিপিএস (NDPS) মামলায় জড়িত অপরাধীরাই এই বিক্ষোভের মধ্যে ঢুকে পড়ে পুলিশকর্মীদের ওপর হামলা চালিয়েছিল।
Advertisement