প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) পাঞ্জাব ও হরিয়ানা সফরের আগে খলিস্তান ন্যাশনাল আর্মির বোমাতঙ্ক।
বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায়, সূত্রের খবর, আগামী শুক্রবার হরিয়ানার জিন্দ এলাকায় নরেন্দ্র মোদির জনসভায় বিস্ফোরণ ঘটানোর কথা ওই ইমেলে সাফ জানানো হয়েছে। শুধু তাই নয়, ওই একই দিনে জলন্ধর, মোহালি এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্কুল, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রেলস্টেশনে আইইডি (IED) মারফত ধারাবাহিক নাশকতার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। হুমকিবার্তায় দাবি করা হয়েছে, শুক্রবার ঠিক দুপুর ১টা ১১ মিনিটে এই হামলাগুলি চালানো হবে। এর পাশাপাশি, এদিন বিকেল ৩টে ১১ মিনিটে মোহালির মেয়রের দপ্তরেও আক্রমণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে।
এই ভয়াবহ হুমকি প্রকাশ্যে আসার পর থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা আরও আটসাঁট করা হয়েছে। এসপিজি (SPG) এবং স্থানীয় পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত স্থানগুলি এবং জনসভাস্থলে কড়া তল্লাশি অভিযান চলছে। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে ইমেলটির উৎস খোঁজার কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলি। উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও এই একই সংগঠন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। প্রশাসনের তরফে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, এটি নিছকই আতঙ্ক ছড়ানোর চেষ্টা নাকি এর পিছনে সত্যই কোনও জঙ্গি গোষ্ঠী কাজ করছে, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement