রাজগঞ্জে রাজনৈতিক চমক! একযোগে ইস্তফা দুই পঞ্চায়েত প্রধান ও এক উপপ্রধানের!

July 13, 2026
Reading...
রাজগঞ্জে একযোগে পদত্যাগ দুই গ্রাম পঞ্চায়েত প্রধান ও এক উপপ্রধানের। সোমবার রাজগঞ্জ বিডিও অফিসে ইস্তফা দিলেন সুখানী ও মাঝিয়ালি পঞ্চায়েতের তিন...
সোমবার এক অপ্রত্যাশিত রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী থাকল রাজগঞ্জ। এদিন রাজগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (BDO) দপ্তরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন দুটি পৃথক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং একজন উপপ্রধান। জানা গিয়েছে, সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় এবং উপপ্রধান ইসরাইল হকের পাশাপাশি মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত একসঙ্গেই নিজেদের ইস্তফাপত্র তুলে দেন।

পদ থেকে সরে দাঁড়ানোর পেছনে এই তিন জনপ্রতিনিধিই তাঁদের ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তাঁদের দাবি, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার এবং কাজ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতা ও অন্যান্য ব্যক্তিগত সমস্যার জেরে তাঁরা আর এই গুরুদায়িত্ব পালন করতে পারছেন না। আর সেই কারণেই স্বেচ্ছায় পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

তবে একযোগে তিন জনপ্রতিনিধির এমন পদত্যাগের ঘটনার পর স্বাভাবিকভাবেই জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, সুখানী গ্রাম পঞ্চায়েতের মোট ২১টি আসনের মধ্যে ১৮টি আসন তৃণমূল কংগ্রেসের এবং ৩টি আসন বিজেপির দখলে রয়েছে। অপরদিকে, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মোট ১৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১২টি, বিজেপি ৬টি এবং সিপিএম ১টি আসনে জয়লাভ করেছিল।
Advertisement