উন্নয়নমূলক কাজ ও অন্নপূর্ণা ভান্ডারে বেনিয়মের অভিযোগ! শিকারপুর গ্রাম পঞ্চায়েত দফতরে উত্তেজনা!

July 28, 2026
Reading...
রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগে বিজেপির ধুন্ধুমার বিক্ষোভ। তৃণমূল নেতাদের ওপর চলল 'ডিম থেরাপি'।
দুর্নীতি ও একাধিক বেনিয়মের অভিযোগে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান প্রভা কুজুরের দফতরে ঢুকে এদিন জোরালো বিক্ষোভ প্রদর্শন করেন ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা ও কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচি চলাকালীনই তৃণমূল কংগ্রেসের নেতা ও পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে 'ডিম থেরাপি' করা হয় বলে খবর। গোটা ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বর জুড়ে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপির তরফে মূলত অভিযোগ তোলা হয়েছে যে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতে লাগাতার বিস্তর অনিয়ম চলছে।

সঠিকভাবে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এমনকী গ্রাম পঞ্চায়েতের ক্যাজুয়াল কর্মীরাও যথাযথভাবে নিজেদের কাজ করছেন না বলে দাবি। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের কাজও সম্পূর্ণ হয়নি। এইসব একাধিক দুর্নীতি ও অব্যবস্থার প্রতিবাদ জানাতে গিয়েই এদিন শাসকদলের পঞ্চায়েত নেতাদের ওপর এই ডিম থেরাপি করেন গেরুয়া শিবিরের বিক্ষোভকারীরা।

পরবর্তীতে এই অশান্তির খবর পৌঁছায় বেলাকোবা ফাঁড়িতে। তড়িঘড়ি বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement