উদ্ধবসেনার প্রাক্তন সাংসদ বিনায়ক রাউতের বিরুদ্ধে পুত্রবধূকে মানসিক ও শারীরিক নির্যাতন এবং 'কালো জাদু'র নামে গোমূত্র খাওয়ানোর মারাত্মক অভিযোগ।
নির্যাতিতা গৃহবধূ গিরিজা রাউতের বয়ান অনুযায়ী, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁকে লাগাতার শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হতে হয়। সূত্রের খবর, তাঁকে দিনের পর দিন বাড়িতে অভুক্ত রাখা হতো। কুসংস্কারের জালে আটকে তাঁর চুল ছিঁড়ে নেওয়ার পাশাপাশি জোর করে তাঁকে গোমূত্র পান করানো হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
গিরিজা আরও জানিয়েছেন, উটিতে মধুচন্দ্রিমায় যাওয়ার পর থেকেই তাঁর স্বামী গীতেশ তাঁর সঙ্গে কোনওপ্রকার স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক রাখতে অস্বীকার করেন। পরবর্তীতে তাঁদের অস্ট্রেলিয়া সফরেও এই একই দূরত্ব বজায় ছিল। এই অমানবিক আচরণের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় বলেও জানা গিয়েছে। এমনকি, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও সকলের সামনে তাঁকে চূড়ান্ত অপমান করা হতো। নির্যাতিতার দাবি, শাশুড়ি গোটা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তিনি কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেননি।
পুলিশ জানিয়েছে, এই অমানবিক নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তবে এখনও অবধি প্রাক্তন সাংসদ বিনায়ক রাউত বা তাঁর পরিবারের কোনও সদস্যের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে (Maharashtra Politics) বিনায়ক রাউত খোদ উদ্ধব ঠাকরের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। বর্তমানে উদ্ধবসেনার অন্দরে চলা ভাঙন ও চরম টানাপোড়েনের মাঝে, দলের এমন এক ওজনদার নেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা এই ভয়ংকর অভিযোগ উদ্ধব শিবিরকে যে রাজনৈতিকভাবে চরম অস্বস্তিতে ফেলবে, তা বলাই বাহুল্য।
Advertisement