রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তিতে ২০ অগস্ট তিনদিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাওয়াখালির বিশেষ প্রদর্শনী!

বিজেপি সূত্রে খবর, ২০ অগস্ট থেকে শুরু হওয়া এই সফরে অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে। কেবল দলীয় বা উৎসবের অনুষ্ঠান নয়, ২১ ও ২২ অগস্ট রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসবেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি এবং কেন্দ্রীয় অনুদানে চলা উন্নয়নমূলক কাজগুলি খতিয়ে দেখবেন তিনি। এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনও জটিলতা বা বাধা তৈরি হয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এমনটাও জানা গিয়েছে, সফরকালে তিনি নবান্নেও যেতে পারেন। একইসঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি ও কোর কমিটির সদস্যদের নিয়েও বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, আগামী ২২ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ি সফরে যেতে পারেন। এই সময়ে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ও নতুন পদক্ষেপগুলি তুলে ধরতে শিলিগুড়ির নিকটবর্তী কাওয়াখালিতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সেখানেও অমিত শাহ অংশ নিতে পারেন বলে জানা যায়। তবে তাঁর সম্পূর্ণ সফরসূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত পাহাড়ে সরকারি সফরে আসতে পারেন। তবে আসন্ন সফরেই তিনি পাহাড়ে যাবেন কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত নিশ্চয়তা মেলেনি। উল্লেখ্য, গত মাসেও তিনদিনের সফরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। সেই সময় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে পৃথক প্রশাসনিক ও দলীয় বৈঠক সারার পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক পদক্ষেপ ও প্রশাসনিক অগ্রগতি পর্যালোচনা করেছিলেন তিনি।
Advertisement