Annapurna Yojana-র ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু! আপনার নাম আছে তো?

August 17, 2026
Reading...
১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করল রাজ্য সরকার। কবে টাকা ঢুকবে, কারা বাতিল হলেন?
রাজ্যের মহিলাদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার, ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩ হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। বিজেপির সংকল্পপত্র মেনেই বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু হয়। তবে বহু মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা না ঢোকায় একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

এই বিষয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, টাকা পাওয়া নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। শুভেন্দু সরকারের ১০০ দিন পূর্তির লগ্নে মন্ত্রী জানান, যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে। জানা গিয়েছে, মোট ১ কোটি ৮০ লক্ষ জমা পড়া আবেদনের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় মাসিক ৩ হাজার টাকা পাচ্ছেন।

সূত্রের খবর, প্রাথমিকভাবে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ না থাকা, আবেদনকারীর আয়কর প্রদান এবং সরকারি চাকরিজীবী হওয়ার কারণেই এই নামগুলি বাদ পড়েছে। তবে সূত্রের খবর, আগামী দিনে পুনরায় আবেদন করার সুযোগ মিলবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেনোজল রুখতে এবার কঠোর মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানানো হয়েছে, কোনওভাবেই সরকারি টাকার নয়ছয় বরদাস্ত করা হবে না।

জানা যায়, আবেদনকারীর নিজস্ব মাসিক উপার্জন ১০ হাজার টাকা বা পারিবারিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি, অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধাভোগীরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে, দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) উপভোক্তারা এই ৩ হাজার টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া, গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে ৩টির বেশি ঘর বা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও যোজনার টাকা মিলবে। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলারাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, তবে সেক্ষেত্রে তাঁরা অন্য সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।
Advertisement