অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুরে, বিক্ষোভের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা পাল!

August 21, 2026
Reading...
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে মহিলাদের তুমুল বিক্ষোভ। তৃণমূলকে নিশানা মন্ত্রী অগ্নিমিত্রা পালের।
এদিন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আর্থিক সুবিধা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসায় মহিলাদের ক্ষোভ চরম আকার ধারণ করেছে। আর এই গোটা পরিস্থিতির জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসের (TMC) দিকেই অভিযোগের আঙুল তুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Minister Agnimitra Paul)। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে (Paschim Medinipur DM Office) এক পূর্বনির্ধারিত প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

জানা গিয়েছে, এদিন দপ্তরে ঢোকার মুখেই টাকা না পাওয়ার কারণ জানতে চেয়ে মন্ত্রীর সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন আবেদনকারী মহিলারা। এরপর মন্ত্রী ভিতরে গিয়ে বৈঠক শুরু করলেও, বিক্ষোভকারীরা দপ্তরের একতলায় ঢুকে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দুপুর আড়াইটে নাগাদ বৈঠক মুলতুবি করে দেন তিনি। এরপর জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং বিধায়ক শংকর গুছাইতের সঙ্গে নিচে নেমে এসে ক্ষুব্ধ মহিলাদের বোঝানোর চেষ্টা করেন মন্ত্রী। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকের কাছে মহিলাদের ‘এনরোলমেন্ট নম্বর’ জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মন্ত্রীর এই আশ্বাসের পরেই পরিস্থিতি শান্ত হয়।

বিক্ষোভ সামাল দেওয়ার পর অগ্নিমিত্রা পাল আবেদনকারী মহিলাদের ধৈর্য ধরার পরামর্শ দেন। তিনি জানান, প্রায় ২ কোটি মহিলা এই যোজনায় আবেদন করেছেন, তাই সমস্ত ডেটা আপলোড করতে কিছুটা সময় লাগছে। তবে এর পেছনে চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেন, ভিতরে বসে থাকা অনেক তৃণমূল কর্মীই ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল সৃষ্টি করছেন, যা তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়িও একই ধরনের অভিযোগ করেছিলেন। যোগ্য প্রাপকদের ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তুলেছিলেন তিনি। যদিও আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে তিনি আশাবাদী ছিলেন। অন্যদিকে, মন্ত্রী অগ্নিমিত্রার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে পালটা দাবি করেছেন, ভোটের আগে বড় প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকার রাজ্যের মহিলাদের বঞ্চিত করছে।
Advertisement