রাজ্যে আয়ুষ্মান দিবসের সূচনা, স্বাস্থ্যসাথী বাতিল নিয়ে বড়সড় আপডেট দিল স্বাস্থ্য দপ্তর!

August 16, 2026
Reading...
ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে শুরু হলো আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। আধার কার্ডের মাধ্যমেই মিলবে চিকিৎসা।
রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গবাসী কেন্দ্রীয় মেগা স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে চলেছেন। আজ, রবিবার (১৬ আগস্ট) রাজ্যে পালিত হচ্ছে ‘আয়ুষ্মান দিবস’। জানা গিয়েছে, আজ বিকেল ৩টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে এবং উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে, গত ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বড় ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যে সমস্ত নাগরিক কেন্দ্রীয় আয়ুষ্মান বিমার শর্তের আওতায় পড়বেন না, তাঁদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একই সুবিধাযুক্ত ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করা হবে। আজ রবিবার থেকেই এই নতুন প্রকল্পেরও যাত্রা শুরু হচ্ছে।

স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, পূর্বতন স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো গোটা পরিবারের জন্য আর একটি মাত্র কার্ড থাকছে না, বরং পরিবারের প্রত্যেক সদস্যের নামে আলাদা আলাদা কার্ড ইস্যু করা হবে। স্থানীয় প্রশাসনের সাহায্যে এই কার্ডগুলি সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই জোড়া প্রকল্পের ফলে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং আনুমানিক ৬ কোটি মানুষ সরাসরি স্বাস্থ্যবিমার সুরক্ষায় আসতে চলেছেন।

হাসপাতালে যাওয়ার সময় কার্ড হারিয়ে বা ভুলে গেলেও চিন্তার কোনো কারণ নেই। জানা গিয়েছে, ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’—দুটি প্রকল্পই আধারের (Aadhaar) সঙ্গে সংযুক্ত থাকছে। হাসপাতালে ভর্তির সময় শুধুমাত্র আধার কার্ডটি সঙ্গে রাখলেই হবে। পোর্টালে আধার নম্বর টাইপ করলেই মুহূর্তের মধ্যে উপভোক্তার সমস্ত তথ্য সামনে চলে আসবে এবং অনায়াসেই পরিষেবা মিলবে।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, নেতাজি ইন্ডোর থেকে তিনিই প্রথম ধাপে ৩ হাজার মানুষের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেবেন। তবে এখনই স্বাস্থ্যসাথী কার্ড পুরোপুরি বাতিল হচ্ছে না। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী তিন মাস তিনটি স্বাস্থ্যবিমাই একসঙ্গে চলবে এবং তারপর ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়ুষ্মান প্রকল্পের নিয়মানুযায়ী, শুধুমাত্র হাসপাতালে প্যাকেজের টাকা নয়, ভর্তির ৩ দিন আগে থেকে এবং ছুটি হওয়ার ১৫ দিন পর পর্যন্ত চিকিৎসার যাবতীয় খরচও এই বিমার আওতায় পাওয়া যাবে। পাশাপাশি, ৭০ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের ক্ষেত্রে কোনো শর্ত ছাড়াই সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে বলে জানা যায়।

এই জোড়া স্বাস্থ্যবিমা রূপায়ণে কেন্দ্রের তরফ থেকে প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ৬০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৪০ শতাংশ অর্থ বহন করবে রাজ্য। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, আয়ুষ্মান পরিষেবা প্রদানের জন্য রাজ্যে মোট ১,৯৩০টি হাসপাতালকে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতাল রয়েছে ৬২৭টি এবং বেসরকারি হাসপাতালের সংখ্যা ১,৩০৩টি।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে এই ১৬ আগস্ট দিনটি ‘খেলা হবে’ দিবস হিসেবে পালিত হতো। সেই প্রসঙ্গ টেনে এদিন পূর্বতন সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হিন্দু গণহত্যা দিবসে একদল ফুটবল ছুড়ত, আর আমরা পশ্চিমবঙ্গের ১১ কোটি জনগণের শতায়ু প্রার্থনা করব।” তিনি আরও জানান, টাকার অভাবে যেন কাউকে পৃথিবী ছেড়ে যেতে না হয়, তার জন্যই এই উদ্যোগ। শুধুমাত্র রঙের পরিবর্তন নয়, বরং গোটা ব্যবস্থার প্রকৃত পরিবর্তনে তাঁদের সরকার যে বদ্ধপরিকর, তা তিনি এদিন স্পষ্টভাবে মনে করিয়ে দেন।
Advertisement