ক্যারাটেতে আন্তর্জাতিক স্বর্ণপদক জয় ডুয়ার্সের মেয়ে বিদ্যা নায়েকের!

August 09, 2026
Reading...
বানারহাটের ডায়না চা বাগানের মেয়ে বিদ্যা নায়েক কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জিতলেন স্বর্ণপদক। চা বাগানের কাজের পাশাপাশি পড়াশোনা..
একদিকে পড়াশোনা ও চা বাগানের কাজ, অন্যদিকে খেলাধুলো— তিনটি ক্ষেত্রকেই সমান দক্ষতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন বানারহাট ব্লকের ডায়না চা বাগানের বাসিন্দা বিদ্যা নায়েক। কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতে এবার নিজের এলাকাসহ গোটা রাজ্যকে গর্বিত করেছেন ২২ বছর বয়সী এই কলেজ ছাত্রী। রবিবার নিজ চা বাগানে ফিরে এলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উষ্ঞ অভ্যর্থনা জানান। জানা গিয়েছে, উক্ত প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি নেপাল ও মালয়েশিয়ার প্রতিযোগীও অংশ নিয়েছিলেন।

বিদ্যা নায়েকের এই অভূতপূর্ব জয়ে উত্তরবঙ্গ নায়েক সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার ব্যান্ড পার্টি সহকারে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদ্যার পাশাপাশি তাঁর বাবা ফেকন নায়েক ও মা উষা নায়েককেও সম্মানিত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েক সমিতির সম্পাদক অজিত কুমার নায়েক, ওমপ্রকাশ নায়েক, প্রদীপ নায়েক এবং স্থানীয় সমাজসেবী হেমন্ত কুজুর, ধরমপাল বনসল, হরি নায়েক ও সরবন ওরাঁও সহ বহু গুণীজন।

এই সাফল্য প্রসঙ্গে নায়েক সমিতির সম্পাদক অজিত কুমার নায়েক জানান, বিদ্যা তাঁদের পুরো সমাজকে গৌরবান্বিত করেছে। ডুয়ার্সের চা বাগানের ছেলেমেয়েরাও যে যোগ্যতায় পিছিয়ে নেই, তা বিদ্যার এই সাফল্য আরও একবার প্রমাণ করে দিল।

মেয়ের এই আন্তর্জাতিক কৃতিত্বে আবেগপ্লুত হয়ে পড়েন বিদ্যার বাবা-মা। তাঁদের কথায়, ছোটবেলা থেকেই বিদ্যার খেলাধুলোর প্রতি বিশেষ টান ছিল। পূর্বে বেশ কয়েকটি প্রতিযোগিতায় পদক জিতলেও আন্তর্জাতিক স্তরে সোনা পাওয়ার অনুভূতি একদমই আলাদা।

অন্যদিকে বিদ্যা জানান, বিগত ছয় বছর ধরে তিনি ডুয়ার্স ক্যারাটে অ্যাকাডেমির সাথে যুক্ত রয়েছে। ইতিপূর্বে একাধিক প্রতিযোগিতায় অংশ নিলেও নেপাল ও মালয়েশিয়ার প্রতিযোগীদের হারিয়ে স্বর্ণপদক জেতার আনন্দ অত্যন্ত বিশেষ। তিনি আরও বলেন, “চা বাগানে কাজ করার পাশাপাশি পড়াশোনা ও খেলাধুলো দুটিই সমানভাবে চালিয়ে যাচ্ছি, এতে আমার কোনও অসুবিধা হচ্ছে না। আগামী দিনে ক্যারাটেকে পেশা হিসেবে বেছে নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
Advertisement