সোমবার দিনহাটা হাই স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্র তন্ময় বর্মনের। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ দিনহাটা!

স্কুল সূত্রে খবর, এদিন দিনহাটা হাই স্কুলে নিয়ম মেনেই পরীক্ষা দিচ্ছিল পড়ুয়ারা। সেই সময়েই হঠাৎ করে অসুস্থ বোধ করে সপ্তম শ্রেণির ছাত্র তন্ময়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি শিক্ষক-শিক্ষিকারা তাকে উদ্ধার করেন। এরপর চিকিৎসার উদ্দেশ্যে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রটিকে। তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক ছাত্র মৃত্যুর খবর পাওয়া মাত্রই দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়ে উপস্থিত হয় দিনহাটা থানার পুলিশ। পুলিশের তরফে ইতিমধ্যেই সমগ্র ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি অন্য কোনও শারীরিক জটিলতায় ওই মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পড়ুয়ার এমন অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছে পরিবার, শোকস্তব্ধ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
Advertisement