হাইকোর্টের নির্দেশ অমান্য! টিএমসিপি'র প্রতিষ্ঠা দিবসে ব্যারিকেড ভাঙায় মমতার বিরুদ্ধে এফআইআর!

August 29, 2026
Reading...
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোডে সভা এবং পুলিশের সঙ্গে বচসার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী...
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মূল আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। হেস্টিংস থানার সাব-ইনস্পেক্টর অপু বৈদ্য স্বতঃপ্রণোদিত হয়ে ২৮ অগস্ট এই মামলা রুজু করেছেন। জানা গিয়েছে, ক্যাথিড্রাল রোডের ওই কর্মসূচিতে পুলিশি নির্দেশিকা ও আদালতের নিয়ম ভাঙার কারণেই এই আইনি পদক্ষেপ।

গত ২৫ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মেয়ো রোডে কোনও পক্ষকেই টিএমসিপি'র প্রতিষ্ঠা দিবস পালনের ছাড়পত্র দেননি। নির্দেশ অনুযায়ী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের জন্য ক্যাথিড্রাল রোড এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর জন্য রানি রাসমনি রোড নির্দিষ্ট করা হয়েছিল। আদালতের কড়া শর্ত ছিল, দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে এবং ১ হাজার ৫০০ জনের বেশি কর্মী-সমর্থক জমায়েত করতে পারবেন না। পাশাপাশি, দুই তরফকেই ১৫ জন করে স্বেচ্ছাসেবকের তালিকা কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছিল। কোনও মতেই রাস্তা আটকে সভা করা যাবে না এবং ক্যাথিড্রাল রোড ও রানি রাসমনি রোডের একটি দিক যান চলাচলের জন্য খোলা রাখতে হবে বলেও স্পষ্ট নির্দেশ ছিল। পুলিশের দায়িত্ব ছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা, যাতে দ্রুত ও শান্তিপূর্ণভাবে সভা শেষে জায়গা খালি করা যায়।

তবে পুলিশ সূত্রে খবর, ২৮ অগস্ট ক্যাথিড্রাল রোডের কর্মসূচিতে সেই নিয়ম মানা হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই সভা চলতে থাকে। অভিযোগ, জমায়েতের চাপে পুলিশি ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। এমনকি কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন কর্মী-সমর্থকদের একাংশ। এর ফলে ক্যাথিড্রাল রোডের একাংশে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা দেওয়া, কর্তব্যরত পুলিশের কাজে বিঘ্ন ঘটানো এবং আদালতের নির্দেশ অমান্য করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের আয়োজকদের বিরুদ্ধে। এদিন হেস্টিংস থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশের ক্যামেরায় ওঠা ছবি এবং কর্মসূচির অন্যান্য ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "সিসিটিভি ফুটেজ চেক করছি ৷ এই ঘটানায় যাবতীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷" তদন্তের মাধ্যমেই পুরো বিষয়টি এবং নির্দিষ্ট কারও ভূমিকা রয়েছে কি না, তা স্পষ্ট হবে।
Advertisement