ফাটাপুকুরের আগে জলপাইগুড়ি-দার্জিলিংগামী চলন্ত NBSTC বাসে পাথর ছোড়ার অভিযোগ। জানালার কাচ ভেঙে আহত শিশু সহ একাধিক যাত্রী। এলাকায় আতঙ্ক।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC) একটি চলন্ত বাসে বড় পাথর ছোড়ার মারাত্মক অভিযোগ সামনে এসেছে। জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী ওই সরকারি বাসটিতে এই হামলার জেরে পিছনের দিকের কাচ সম্পূর্ণ চুরমার হয়ে যায়। রাজগঞ্জ থানার অন্তর্গত তালমাহাট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটলেও, বরাতজোরে একটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনার সময় বাসটির ভেতরে প্রায় ৩২ জন যাত্রী উপস্থিত ছিলেন। সূত্রের খবর, জলপাইগুড়ি থেকে গন্তব্যের দিকে যাওয়ার পথে রাজগঞ্জের তালমাঠের ঠিক আগে একটি ব্রিজের কাছে পৌঁছাতেই আচমকা বিপত্তি ঘটে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাসটির পিছনের অংশে একটি বড় পাথর ছুড়ে মারে। এর ফলেই কাচটি ভেঙে যায় এবং চলন্ত বাসের ভেতরের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে বাসের কন্ডাক্টর সুমন চন্দ জানিয়েছেন, পাথরের প্রবল আঘাতে পিছনের কাচটি পুরোপুরি ভেঙে গিয়েছে। ভাঙা কাচের টুকরো কয়েকজন যাত্রীর গায়ে ছিঁটকে লাগলেও, সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। তবে সরকারি ওই বাসটির যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। কন্ডাক্টর আরও জানিয়েছেন, ঘটনার পরই বাসটিকে সরাসরি রাজগঞ্জ থানায় নিয়ে গিয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই চলন্ত বাসে পাথর ছুড়ল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
Advertisement