৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জেন-জি (Gen-Z)-দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। এক কোটি তরুণকে AI প্রশিক্ষণ!

শনিবার সকালে দেওয়া এই ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, বর্তমানে কোচিং সেন্টারগুলির রমরমা এবং প্রতিযোগিতার কারণে মধ্যবিত্ত পরিবারের ওপর যে বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে, তা কমাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বহু অভিভাবকই সামাজিক সম্মান রক্ষা করতে বা সন্তানের পিছিয়ে পড়ার আশঙ্কায় বাধ্য হয়ে মোটা টাকার বিনিময়ে তাঁদের ছেলে-মেয়েদের কোচিংয়ে পাঠান। এই সমস্যা সমাধানে সরকার একটি সম্পূর্ণ আলাদা নেটওয়ার্ক তৈরি করবে বলে জানা গিয়েছে। যেখানে ডিজিটাল পরিকাঠামোর সাহায্যে উচ্চশিক্ষিত শিক্ষক ও শিক্ষাবিদদের একটি ছাতার তলায় এনে বিনামূল্যে উন্নত মানের কোচিং দেওয়া হবে। এর ফলে পড়ুয়ারা নিজেদের পরিবারের কাছে থেকেই প্রস্তুতি নিতে পারবে এবং পরিবারগুলিও বিশাল আর্থিক দায় থেকে মুক্তি পাবে।
অন্যদিকে, দেশের সার্বিক বিকাশের জন্য এদিন প্রধানমন্ত্রী 'সপ্তধারা' বা সাতটি বিশেষ ক্ষেত্রের সংস্কারের রূপরেখা তুলে ধরেন। এই সাতটি ক্ষেত্রের মধ্যে রয়েছে দেশের নিজস্ব কৃষিজাত পণ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, লজিস্টিক্স, প্রতিরক্ষা, গ্রিন ও ব্লু ইকোনমি এবং সফট পাওয়ার। অতীতে ভারত যেমন 'সপ্ত সিন্ধু'র দেশ হিসেবে পরিচিত ছিল, ঠিক তেমনি এই নতুন সাতটি ধারার ওপর ভর করেই আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছবে এবং নতুন লক্ষ্য পূরণের ক্ষমতা অর্জন করবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন। সবশেষে, দেশের যুবসমাজের সম্পূর্ণ সম্ভাবনাকে দেশ গঠনের কাজে লাগানোর ওপর কড়া জোর দেন প্রধানমন্ত্রী।
Advertisement