বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে রাজগঞ্জের বুড়িমোড়ে বুনো হাতি!

August 20, 2026
Reading...
রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন বুড়িমোড়ের চা বাগানে ঢুকল বৈকুণ্ঠপুর জঙ্গলের মাখনা হাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলাকোবা ও আমবাড়ি রেঞ্জের বনকর্মী এবং পুলিশ।
বৃহস্পতিবার সাতসকালে রাজগঞ্জ ব্লকের অন্তর্গত ফাটাপুকুর সংলগ্ন বুড়িমোড় এলাকায় জঙ্গল থেকে একটি হাতির ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

জানা গিয়েছে, বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বের হয়ে বুনো হাতিটি প্রথমে রাজগঞ্জের সরকারপাড়া হয়ে সারিয়াম ও চিকুপাড়া এলাকা পেরিয়ে বুড়িমোড়ে গিয়ে উপস্থিত হয়। পরবর্তীতে একটি চা বাগানের ভেতর আশ্রয় নেয় সে। জনবসতিপূর্ণ এলাকায় হাতির উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই বেলাকোবা ও আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজগঞ্জ থানার পুলিশও দ্রুত সেখানে যায়। এদিকে হাতিটিকে প্রত্যক্ষ করতে অকুস্থলে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে তাঁদের গ্রামের একটি চা বাগানে হাতিটি প্রবেশ করে। যার জেরে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে এই ঘটনায় এখনও অবধি কোনও প্রকার ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হওয়ার তথ্য নেই।

পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান বৈকুণ্ঠপুর ডিভিশনের এডিএফও রাজীব লামা। তিনি জানান, এটি একটি পূর্ণবয়স্ক মাখনা হাতি এবং সেটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। হাতিটিকে ওই স্থান থেকে সরিয়ে সুরক্ষিতভাবে অরণ্যে ফেরাতে বন দফতরের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এলাকাটিতে সাধারণ মানুষের সমাগম রয়েছে এবং একটি রাস্তাও রয়েছে, ফলে আমজনতার নিরাপত্তাই তাঁদের মূল অগ্রাধিকার। এরপর হাতিটিকে সুরক্ষিতভাবে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। এখনও অবধি কোনও ক্ষতি বা আহতের ঘটনা সামনে আসেনি। এই ধারা বজায় রাখতে বনকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত।

এদিকে বন দফতরের পক্ষ থেকে পুরো এলাকায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। হাতির কাছে না যাওয়ার পাশাপাশি অযথা জমায়েত না করার আর্জি জানানো হয়েছে। সাধারণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন বনকর্মীরা।
Advertisement