রাজ্যে শুরু সম্পূর্ণ ডিজিটাল 'জনগণনা ২০২৬', প্রথম দিনেই স্বগণনা সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

August 01, 2026
Reading...
আজ থেকে রাজ্যে শুরু হল জনগণনা ২০২৬। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ডিজিটাল এই প্রক্রিয়ার সূচনা করেন। সেল্ফ এনুমারেশন বা অনলাইনে স্বগণনার
আজ, শনিবার (১ অগস্ট) থেকে রাজ্যজুড়ে জনগণনা ২০২৬ (Census 2026)-এর প্রথম পর্যায়ের কাজ শুরু হল। এদিন এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারই প্রথমবার পুরোপুরি ডিজিটাল মাধ্যমে জনগণনার কাজ হতে চলেছে।

১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত স্বগণনা বা সেল্ফ এনুমারেশন (Self Enumeration) চলবে। এই সময়ে রাজ্যবাসী নিজেদের বাড়ি থেকেই অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা করার সুযোগ পাবেন। এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এটি একটি সংবিধান স্বীকৃত কাজ। তিনি নিজে ইতিমধ্যেই অনলাইনে স্বগণনার কাজ সেরে ফেলেছেন। শুভেন্দু অধিকারী জানান, এবারের প্রক্রিয়ার প্রধান দুটি দিক হল ডিজিটাল পদ্ধতি এবং সেলফ এনুমারেশনের সুবিধা। মুখ্যমন্ত্রী হিসেবে নিজে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি সকল সাধারণ মানুষকে একইভাবে তথ্য জমা দেওয়ার এবং জনগণনায় যুক্ত কর্মীদের সহযোগিতা করার আবেদন জানিয়েছেন।

তথ্য ফাঁসের আশঙ্কা উড়িয়ে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছেন যে, নিয়ম মেনেই সমস্ত ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখা হবে। 'বিকশিত ভারত' এবং জনকল্যাণের উদ্দেশ্যে এই আধুনিক ডিজিটাল প্রক্রিয়া সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যে জনগণনার কাজ ঠিকঠাক পরিচালনার জন্য মোট ৩ হাজার ৪০০ জন সুপারভাইজার এবং ১৪ হাজার ৩৯৯ জন কর্মী নিয়োগ করা হয়েছে। অনলাইনে নিজেদের ফর্ম নিজেরাই পূরণ করার জন্য রাজ্যবাসীর কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, সেলফ এনুমারেশনের ক্ষেত্রে অনলাইনে মোট ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে আবেদনকারীদের। এর সাহায্যে বাসস্থান এবং পরিবার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। ১৫ অগস্ট পর্যন্ত প্রথম পর্ব চলার পর, ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ফিল্ড এনুমারেশন বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এই পর্যায়ে কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে তথ্য সংগ্রহ করবেন নিযুক্ত সরকারি কর্মীরা। এরপর আগামী বছরের নির্ধারিত সময় পর্যন্ত বিস্তারিত জনসংখ্যা সংক্রান্ত ডেটা সংগ্রহের কাজ চলবে। নির্দিষ্ট পোর্টাল (https://se.census.gov.in)-এ গিয়ে কয়েক মিনিটের মধ্যেই স্বগণনার কাজ সেরে ফেলা যাবে।

কলকাতা পুরসভার কমিশনার এবং কলকাতার প্রিন্সিপাল সেন্সাস অফিসার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, শুক্রবার রাত ১২টা থেকেই সাধারণ মানুষের জন্য এই নির্দিষ্ট অনলাইন পোর্টালটি খুলে দেওয়া হয়েছে। এর ফলে বাসিন্দারা নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজেদের জনগণনার ফর্ম নিজেরাই পূরণ করতে সক্ষম হবেন।
Advertisement