শিলিগুড়ির মাটিগাড়া থানার তুম্বাজোত শিশুডাঙ্গিতে ভাঙার গুদামে আবগারি দফতরের হানা। উদ্ধার ১০ লক্ষ ১২ হাজার ৫০০ টাকার সিকিমের অবৈধ মদ। সিল গুদাম।

আবগারি দফতর সূত্রে খবর, স্পেশাল এক্সাইজ কমিশনার (এনফোর্সমেন্ট নর্থ বেঙ্গল) সুজিৎ দাসের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে, মাটিগাড়া থানার তুম্বাজোত শিশুডাঙ্গির একটি ভাঙার দোকানে প্রচুর পরিমাণে অবৈধ সিকিমের মদ মজুত করে রাখা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুজিৎ দাসের নেতৃত্বে জলপাইগুড়ি আবগারি দফতরের একটি দল ওই গুদামে হানা দেয়।
অভিযান চলাকালীন সেখান থেকে ৪৫টি কার্টনভর্তি বেআইনি সিকিমের মদ উদ্ধার হয়। তবে আবগারি দফতর মারফত জানা গিয়েছে, আধিকারিকরা পৌঁছনোর বিষয়টি আঁচ করতে পেরেই সেখানে উপস্থিত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়।
পরবর্তীকালে গুদামটি সিল করে বাজেয়াপ্ত মদের বোতলগুলি আবগারি দফতরের সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে আবগারি আধিকারিকদের অনুমান, রাতের অন্ধকারে শিলিগুড়ি কিংবা বিহারে পাচারের উদ্দেশ্যে সিকিম থেকে এই মদ এনে গুদামে জড়ো করা হয়েছিল। এই কারবারে কারা জড়িত এবং কত দিন ধরে এই গুদামটি ব্যবহার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। পলাতক ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গোটা পাচারচক্রের হদিশ পেতে পদক্ষেপ গ্রহণ করছে আবগারি দফতর। বর্তমানে পুরো ঘটনাটির তদন্ত চালাচ্ছে আবগারি দফতর।
Advertisement