মুম্বইয়ের লালবাগ এলাকায় গণেশ পুজোর মণ্ডপের পানীয় জলের স্টলে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ৮ বছরের নাবালিকা ও এক ...

কালাচৌকির দাত্তারাম লাড মার্গের অন্তর্গত দিগ্বিজয় মিল চাওলের মহাগণপতি উৎসব মণ্ডলের ঠিক মূল প্রবেশপথের কাছেই ছিল ওই সফ্ট ড্রিঙ্কস এবং জলের স্টলটি। প্রচুর দর্শনার্থীর ভিড়ের মাঝেই সেখানে আচমকা শর্ট সার্কিট হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই আট বছরের নাবালিকা এবং ওই মহিলা।
খবর পেয়ে কালবিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। সুরক্ষার খাতিরে দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়। তড়িঘড়ি বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই ছয়জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, আট বছরের নাবালিকা রাঘিনি ঘনশ্যাম যাদবকে বাইকুল্লার মাসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান। পুর আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ১৯ বছরের কিরণ আকবর নায়েক, সাহিদ সন্দীপ তারে এবং তানভি নরেশ হান্ডে। বর্তমানে তাঁরা স্থিতিশীল। অপরদিকে, পারেলের গ্লোবাল হাসপাতালে সুজাতা (৩৩) নামের এক মহিলাকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখানেই ১২ বছর বয়সি আরও এক নাবালিকা রুহি সিং আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভরতি রয়েছে।
ঘটনার পর ওই সংশ্লিষ্ট চাউলে (শ্রমিক আবাসন) পরিদর্শনে যান বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট বা বেস্ট (BEST)-এর আধিকারিকরা। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সফ্ট ড্রিঙ্কসের ওই অস্থায়ী স্টল ও উৎসবের আলোকসজ্জার জন্য একটি অস্থায়ী বৈদ্যুতিক মিটারের ব্যবস্থা করা হয়েছিল। আধিকারিকদের কথায়, সেখানকার একজন স্থানীয় ইলেকট্রিশিয়ান মিনিয়েচার সার্কিট ব্রেকার (এমসিবি) ও ওয়্যারিংয়ের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ঘটনাস্থলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রাখা হয়। তদন্তের কাজে বেস্ট-এর এক মিটার পরিদর্শক এবং ফিউজম্যান সহায়তা করেছেন। বর্তমানে শর্ট সার্কিটের প্রকৃত কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত শুরু করেছে কালাচৌকি পুলিশ।
Advertisement