উত্তরাখণ্ডে ধস ও বারাণসীর ৮৪ ঘাট জলমগ্ন! উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টির তাণ্ডব, ৩ রাজ্যে জারি সতর্কতা!

Reading...
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত জনজীবন। উত্তরাখণ্ডে মৃত ৭, বারাণসীর ৮৪টি ঘাট জলমগ্ন এবং ঝাড়খণ্ডে জারি হড়পা বানের...
টানা বর্ষণে উত্তর ভারতের বৃহৎ অঞ্চল জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের স্বাভাবিক জনজীবন। সূত্রের খবর, মুষলধারে বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। পাহাড়ি ঢালে প্রাণহানির পাশাপাশি আলমোড়ায় গৃহধসের ঘটনা সামনে এসেছে। পাহাড়ে ধসের কারণে স্তব্ধ হয়ে পড়েছে ১৭০টিরও বেশি সড়ক পথ। পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়েছে দেরাদুন-মুসৌরির রুট সহ একাধিক প্রধান জাতীয় সড়ক। গোলা, কোসি এবং শিপ্ৰা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তড়িঘড়ি উপকূলবর্তী এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজের পাশাপাশি পথ সচল করতে তৎপর রয়েছে এসডিআরএফ (SDRF) ও পূর্ত দপ্তর। অন্যদিকে নৈনিতাল, তেহরি ও দেরাদুন সহ পাঁচটি জেলায় জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতা, বন্ধ রাখা হয়েছে স্কুলগুলি।

দুর্যোগের চরম প্রভাব দেখা যাচ্ছে উত্তরপ্রদেশেও। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে বারাণসীর ৮৪টি ঘাট তলিয়ে গিয়েছে জলের নিচে। বন্যা পরিস্থিতির আশঙ্কায় নীচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিত্রকাটে মন্দাকিনী নদী উত্তাল হওয়ায় জলমগ্ন রামঘাট ও নির্মোহী আখড়া সহ বেশ কয়েকটি অঞ্চল। এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে রামঘাট ও নয়াগাঁও সংযোগকারী সেতুটি। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, প্রতাপগড়ে ১৪৭ মিলিমিটার, সোনভদ্রতে ১৪০ মিলিমিটার এবং কানপুরে ১২৯ মিলিমিটার বর্ষণ হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের ২০টিরও বেশি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ঝাড়খণ্ডেও হড়পা বানের মারাত্মক সতর্কতা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, পলামু, গরওয়া, লাতেহার, লোহারডাগা, গুমলা, সরাইকেলা-খারসওয়ান, পূর্ব সিংভূম, সিমডেগা, খুঁটি এবং পশ্চিম সিংভূম জেলায় দেখা দিতে পারে হড়পা বান। বিশেষ করে গরওয়া, পলামু, সিমডেগা ও পশ্চিম সিংভূমে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে লাল সতর্কতা (Red Alert)। এই তিন রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবে সম্পূর্ণ থমকে গিয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।
Advertisement